মায়ের ওপর ছেড়ে দিয়েছেন জিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পত্রিকা পড়ে খবরটা জেনেছেন মামুনুর রহমান (চয়ন)। মশিউর রহমানও (বিপ্লব) তাই। প্রিয় সতীর্থ জাতীয় দল থেকে সরে যেতে চাইছেন, এটা তো তাঁদের কাছে বজ্রাঘাতের মতোই। প্রাথমিক ধাক্কাটা সামলে বিপ্লব কাল নাশতার টেবিলে রাসেল মাহমুদ জিমিকে অনুযোগের সুরে বললেন, ‘তুমি আমাকে খবরটা আগে জানালে না কেন?’জিমির উত্তর, ‘তুমি তো জানতে চাওনি।’ অনেক দিন ধরে একসঙ্গে খেলেছেন। জার্মানিতে দুজন একই সঙ্গে ছিলেন অনেক দিন। সেই বন্ধু হঠাৎ করে জাতীয় দল ছেড়ে দিতে চাইছেন শুনে ডিফেন্ডার বিপ্লবের কথায় হতাশার সঙ্গে প্রতিজ্ঞার সুরও, ‘ও বললেই তো হবে না। আমরা ওকে যেতে দিলে তো!’অবাক ব্যাপার, খানিক বাদে চয়নের মুখেও একই কথা, ‘আমরা ওনাকে যেতে দেব না।’ বাংলাদেশ হকি দলে জিমির গুরুত্ব বোঝাতে যোগ করলেন, ‘মেসিকে ছাড়া যেমন আর্জেন্টিনা হয় না, তেমনি জিমিকে ছাড়া বাংলাদেশ হকি দলও আমরা কল্পনা করি না।’ততক্ষণে বিকেলের অনুশীলন-পর্ব শুরুর আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে ঢুকলেন কোচ নাভিদ আলম। নিজেই এই প্রতিবেদককে বললেন, জিমির অবসর-ভাবনার কথাটা সকালেই জেনেছেন। সেই থেকে মনে একটা ঝড় বইছে। মুখে তার প্রকাশ না থাকলেও সেটা ঠিকই বোঝা গেল এই কথায়, ‘আমি চাই না জিমি এই ধরনের সিদ্ধান্ত নিক। সামনে এশিয়া কাপ, এখন এ ধরনের সিদ্ধান্ত ক্যাম্পে প্রভাব ফেলবে।’জিমি বাংলাদেশ হকি দলের প্রাণভোমরা। নিজে খেলেন, গোটা দলকে খেলান। দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে সেরা মিডফিল্ডার হয়েছেন। তার আগে দুটি টুর্নামেন্টের একটিতে সেরা খেলোয়াড়, অন্যটিতে সর্বোচ্চ গোলদাতা। এই মুহূর্তে তাঁর বিকল্প কেউ নেই। জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেন যেমন বললেন, ‘জিমি মানেই কোনো না কোনো পুরস্কার। ও অনেক বড় মাপের খেলোয়াড়।’সেই জিমির হাত ধরে সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যে বাংলাদেশের হকিতে যেখানে রোদ খেলা করার কথা, উল্টো সেখানে মেঘের ছায়া। ফেডারেশনের নির্বাচন নিয়ে দলাদলি ও দলবদল নিয়ে অনিশ্চয়তার সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে জিমিকে হারানোর শঙ্কা।জিমির মাথা থেকে অবসর-চিন্তা দূর করতে তৎপর হয়েছে ফেডারেশনও। তাঁর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুঠোফোনে খুদে বার্তায় হুমকির ব্যাপারে জিমি নিজে গত পরশু রাতে বংশাল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ কাল সকালেই কথা বলেন জিমির মায়ের সঙ্গে। পরে ফেডারেশন সম্পাদক খাজা রহমতউল্লাহর সঙ্গে কথা বলেন জিমির মা। বিকেলে জিমির সঙ্গে রহমতউল্লাহ রুদ্ধদ্বার সভায় বসেছিলেন আরও কয়েকজন কর্মকর্তাসহ। এই সভায় জিমি সব ক্ষোভ উগরে দেন। ফেডারেশন তাঁকে বাদ দিতে চায়, খেলোয়াড়দের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সব দোষ তাঁর ঘাড়েই চাপে—এসব অভিযোগ অবশ্য কর্মকর্তারা অস্বীকার করেছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে জিমিকে এ ধরনের সিদ্ধান্ত না নিতেও অনুরোধ করা হয়েছে। পরে রহমতউল্লাহ জানিয়েছেন, ‘জিমির পাশে আছি আমরা।’কিন্তু জিমি সব ছেড়ে দিয়েছেন তাঁর মায়ের ওপর, ‘মোবাইলে হুমকির পর মা কিছুতেই চান না, আমি জাতীয় দলে খেলি। বাবা-বোনেরাও মায়ের কথা শুনতে বলছেন। এখন দেখি মা কি বলেন। তিনি খেলতে বললে খেলব। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুদিন সময় নিচ্ছি আমি।’