মায়ের পথে মেয়ে, বাবার পথে ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিখ্যাত বাবার রক্ত শরীরে। তবে বাবার পথে কিন্তু হাঁটছেন না জিনা শুমাখার। ফর্মুলা ওয়ান রেসিংয়ের কিংবদন্তি মাইকেল শুমাখারের মেয়ে জিনা মায়ের মতো বেছে নিয়েছেন ইকুয়েস্ট্রিয়ান। জার্মানির আচেনে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইকুয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী ইভেন্টে চোখধাঁধানো পারফরম্যান্স করে দর্শকদের মুগ্ধ করেছেন ১৮ বছর বয়সী জিনা। মেয়ে মায়ের অনুগামী হলেও ছেলে মিক শুমাখার বাবার মতোই ধরেছেন রেসিং কারের হুইল। নুরবুরগ্রিঙ্গে ফর্মুলা ফোরে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ বছরের মিক।

.
.

বাবা ৭ বারের ফর্মুলা ওয়ান রেসিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন। প্রাণী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত মা কোরিনা শুমাখার ইকুয়েস্ট্রিয়ান। অশ্বারোহণের এই খেলার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন কোরিনা। মেয়ে জিনা বেছে নিয়েছেন মায়ের খেলাটাই। কেবল খেলছেনই না, ইকুয়েস্ট্রিয়ানের জুনিয়র বিভাগেরই বিশ্বসেরা জিনা। পরশু ইউরোপিয়ান ইকুয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী ইভেন্টে অনবদ্য পারফরম্যান্স করে পারিবারিক নামটা সমুজ্জ্বলই রেখেছেন জিনা। মাইকেল শুমাখারের ম্যানেজার সাবিনা কেম জানিয়েছেন, ‘জিনা খুবই সম্মানিত বোধ করছে। ও অনেক আনন্দও পেয়েছে।’

.
.

জিনার কৃতিত্ব বেড়ে যাচ্ছে খেলাটা অচেনা ঘোড়ার পিঠে চেপে খেলেছেন বলে। খেলার আগের রাতেই প্রথমবারের মতো সাত বছর বয়সের ঘোড়াটির পিঠে চড়েন জিনা। জার্মানি কোচ নিকো হোয়েরমান জিনাকে দেখছেন ভবিষ্যতের তারকা, ‘ও আমাদের অন্যতম তরুণ প্রতিভা।’ খেলাটাকে অবশ্য পেশাদারভাবে নেওয়ার ব্যাপারে জিনা যে এখনো সিদ্ধান্ত নেননি, তা স্পষ্ট সাবিনা কেমের কথাতেই, ‘ভবিষ্যতের জন্য এখনো কোনো পরিকল্পনা নেই জিনার।’
বোন মায়ের পথে গেলেও মিক শুমাখার ঠিকই বেছে নিয়েছেন বাবার পথ। মিক এবারই প্রথম ফর্মুলা ফোর প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। র্যাঙ্কিংয়ের ১৫তম অবস্থানে থাকা মিককে পাড়ি দিতে হবে অনেকটা পথ। জিনা-মিকের বাবা মাইকেল শুমাখার ২০১৩ সালের ডিসেম্বরে প্রাণসংশয়ী এক স্কি দুর্ঘটনায় আহত হয়ে ছয় মাস অচেতন ছিলেন। পরে চেতনা ফিরে পেলেও পক্ষাঘাত ও স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সন্তানদের কৃতিত্বে নিঃসন্দেহে গর্বিত হবেন এই জার্মান কিংবদন্তি। এএফপি।