মায়ের স্বপ্ন সত্যি করলেন মেইলুতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বলে মেয়েটা মায়ের মতো হয়েছে। সেই চোখ, সেই মুখ। পায়ের পাতা দুটিও মায়ের মতোই বড়। নইলে কি আর মাত্র ১৬ বছর বয়সে ৪৪ নম্বর জুতা পরতে হয়! রুতা মেইলুতিতের মনে পড়ে না কিছুই। মা তাঁর কাছে শুধুই স্মৃতি। মেইলুতিতের ৪ বছর বয়সে যিনি সড়ক দুর্ঘটনায় পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। কাছের মানুষের কাছে মায়ের গল্প শুনেই বড় হয়েছেন তিনি। মা নাকি চাইতেন মেয়ে বড় হয়ে সাঁতারু হবেন। সচ্ছলতা ছিল না মেইলুতিতের পরিবারে। স্ত্রীকে হারিয়ে দুই পুত্র আর এক কন্যা নিয়ে প্রায় দিশেহারা হয়ে গেলেন তাঁর বাবা। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছিল বলে মেয়ে মেইলুতিতেকে দাদির কাছে রেখে তিনি লিথুয়ানিয়ার কাওনাস থেকে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। সঙ্গে দুই ছেলে। সেখানে শুরু হলো নতুন জীবনসংগ্রাম।এ রকম গল্প আরও অনেক মেয়ের জীবনেই থাকে। কিন্তু সবাই প্রতিবন্ধকতা পেছনে ফেলে মায়ের স্বপ্ন সত্যি করতে পারে না। মেইলুতিতে পারলেন। বেঁচে থাকলে মা গর্ব করতেন মেয়েকে নিয়ে। মায়ের স্বপ্ন সত্যি করে শুধু সাঁতারুই হননি, ১৬ বছর বয়সেই দুটি বিশ্ব রেকর্ডের মালিকও এখন তিনি। সেই রেকর্ড দুটিও গড়েছেন এক সপ্তাহের মধ্যে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে শিরোপা জিতেছিলেন গত সোমবার। পরশু ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালও জিতলেন নতুন বিশ্ব রেকর্ড (২৯.৪৮ সেকেন্ড) গড়ে। লন্ডন অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতা এই কিশোরীকে নিয়ে এখন শুধু তাঁর পরিবার নয়, গর্বিত পুরো লিথুয়ানিয়া।সাঁতারে হাতেখড়িটা দাদির কাছে কাওনাসে থাকার সময়েই। তখন তাঁর বয়স মাত্র ৭। কাওনাসের সাঁতার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন দাদি। সেখানেই ওই বয়সে সবাইকে চমকে দিয়েছিলেন মেইলুতিতে। মেয়ের সাঁতারু হওয়ার স্বপ্ন তত দিনে টের পেয়েছেন বাবাও। সেই স্বপ্ন সত্যি করতেই এবার সব ছেড়ে তিনি চলে এলেন ইংল্যান্ডের প্লাইমাউথে। সঙ্গে নিয়ে গেলেন মেয়েকে। সেখানে মেইলুতিতেকে একটা সাঁতার ক্লাবে ভর্তি করিয়ে দিয়ে পেশাদার কোচও ঠিক করে দিলেন। এটা বছর তিনেক আগের কথা।তারপর এই তিন বছরে মেইলুতিতে কী করেছেন? ইউরোপিয়ান যুব অলিম্পিক ও ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১২ অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা আর সবশেষে এই দুটি বিশ্ব রেকর্ড। ওয়েবসাইট।মেইলুতিতে একদিন সাঁতারের সব রেকর্ড ভেঙে দেবেন—সেই কবেই কথাটা বলেছিলেন না তাঁর কোচ!