মিউনিখে রোবেনকে দুয়ো
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের অতিরিক্ত সময়ে আরিয়েন রোবেন পেনাল্টিটা মিস না করলে কী হতো বলা মুশকিল। তবে এটা যে তাঁকে মিউনিখে ভিলেন বানিয়ে দিয়েছে তাতে কোনোই সন্দেহ নেই। সেটাই পরশু ডাচ তারকা টের পেলেন আলিয়াঞ্জ অ্যারেনায়। হল্যান্ডের হয়ে বায়ার্নের বিপক্ষে বায়ার্নের মাঠেই প্রীতি ম্যাচ খেলতে নেমে অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছে তাঁর। অ্যারেনার ৩৩ হাজার দর্শক সারাক্ষণই দুয়ো দিয়েছে তাঁকে।দর্শকদের এ আচরণকে ‘ন্যক্কারজনক’ ছাড়া অন্যকিছু ভাবতে পারছেন না ডাচ কোচ বার্ট ফন মারউইক, ‘মঙ্গলবার মিউনিখে আরিয়েনের (রোবেন) সঙ্গে যে আচরণ করা হলো সেটা ন্যক্কারজনক। আরিয়েন এতে সত্যিই ভেঙে পড়েছিল। তবে আশা করছি, এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী (মানসিকভাবে) করবে।’এ ঘটনায় খেপেছেন রোবেনের ডাচ সতীর্থরাও। বায়ার্নেরই সাবেক খেলোয়াড় মার্ক ফন বোমেলের কাছে এটা রীতিমতো অন্যায়, ‘আরিয়েনকে নিয়ে যেটা হলো সেটা দুঃখজনক। কোনো ক্লাব কর্মকর্তাকেও কিছু করতে দেখলাম না। আমি হলে ক্লাবে আর খেলব কি না, সেটা ভেবে দেখতাম।’অন্যদিকে ওয়েসলি স্নাইডার তো রোবেনকে ইন্টার মিলানে চলে আসার নিমন্ত্রণই দিয়ে রাখলেন, ‘সে যখন ইচ্ছা ইন্টার মিলানে চলে আসতে পারে।’ যদিও দিন কয়েক আগেই বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করেছেন ২০১৫ সাল পর্যন্ত। এএফপি।