
একটু পরই পেনাল্টি শ্যুট-আউট শুরু হবে। দুই দলের ফুটবলাররা তারই প্রস্তুতি নিচ্ছেন। হোসে মরিনহো সবার মাঝ থেকে রোমেলু লুকাকুকে কাছে ডেকে নিয়ে কিছু একটা বললেন। হাতের ইশারায় কী যেন বোঝালেনও।
কী বলেছিলেন, কী বুঝিয়েছিলেন সেটা এখন আর জানার উপায় নেই। কিন্তু টেলিভিশনের পর্দায় তখন একঝলক মরিনহোর চেহারা দেখে মনে হয়েছিল বেলজিয়ান স্ট্রাইকারকে নিয়ে হয়তো একটু চিন্তিত চেলসি কোচ।
তা-ই যদি হয়ে থাকে তাহলে সেই দুশ্চিন্তা অমূলক ছিল না। লুকাকুই যে শেষ পর্যন্ত ডোবালেন তাঁকে! একে একে দুই দলের নয়জন গোল করলেন পেনাল্টিতে। শুধু লুকাকুর ১০ নম্বর শট ফিরিয়ে দিলেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
নির্ধারিত আর অতিরিক্ত সময়ের পরেও ২-২ সমতায় থাকা দারুণ নাটকীয় এক ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তি হলো সেই শটে। ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে জিতে উয়েফা সুপার কাপের ট্রফি মিউনিখে নিয়ে গেল পেপ গার্দিওলার দল। বায়ার্ন মিউনিখের এটি প্রথম উয়েফা সুপার কাপ, গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর প্রথম শিরোপাও। তবে বায়ার্ন কোচ কৃতিত্বটা বেশি দিলেন আগের মৌসুমে ট্রেবল জেতানো কোচ ইয়ুপ হেইঙ্কেসকে, ‘এই শিরোপার কারিগর আর স্রষ্টা হেইঙ্কেস। আমি এটা ওকে উৎসর্গ করছি।’
এই চেলসির কাছেই ২০১২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিল বায়ার্ন মিউনিখ। পরেরবার ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিতলেও আলিয়াঞ্জ অ্যারেনার সেই ম্যাচের প্রতিশোধ বাকি রয়ে গিয়েছিল। অবশেষে সেই প্রতিশোধ নেওয়া হলো পরশু রাতে প্রাগের ইডেন অ্যারেনায়। তবে এ ম্যাচের মাহাত্ম্য শুধু এটুকু নয়। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে থাকার সময় থেকেই পেপ গার্দিওলা আর হোসে মরিনহোর দ্বৈরথ হয়ে উঠেছিল ফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াই। এ মৌসুমের শুরুতে ক্লাব বদল হয়েছে দুজনেরই। যুদ্ধের ময়দান আলাদা, সৈন্য-সামন্তও বদলে গেছে। কিন্তু লড়াইয়ের আমেজ আর উত্তেজনা যে একটুও কমেনি সেটা টের পাওয়া গেল পরশু রাতেই।
৯ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে গিয়ে চেলসি চমকে দিয়েছিল বায়ার্ন সমর্থকদের। বল বেশি পায়ে ছিল বায়ার্নের, কিন্তু কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত ছিল চেলসিও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ম্যাচে সমতা ফেরান ইউরোপ-সেরা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি। তার পরও ম্যাচে প্রায় হেরেই গিয়েছিলেন রিবেরিরা। অতিরিক্ত সময়ের শুরুতেই এডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় হোসে মরিনহোর দল। নির্ধারিত সময়ের ৮৫ মিনিটে রামিরেস দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ায় ওই সময় চেলসি খেলছিল ১০ জনের দল নিয়ে। যদিও ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করতে ভোলেননি চেলসি কোচ, ‘যদি আপনি ফুটবল ভালোবাসেন তবে এভাবে দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে ম্যাচ নষ্ট করতে পারেন না। আরও অনেক হলুদ কার্ড হওয়ার মতো ঘটনাও তো ছিল, যেগুলো রেফারি দেয়নি।’
তবে একজন কম নিয়ে খেলেও গোলরক্ষক পিওতর চেকের একের পর এক অসাধারণ সেভে ম্যাচ প্রায় নিজেদের পকেটে পুরেই ফেলেছিল চেলসি। ইডেন অ্যারেনার গ্যালারিতে তখন চেলসি সমর্থকদের উৎসবের প্রস্তুতি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা জাভি মার্টিনেজের অবিশ্বাস্য গোল পাল্টে দিল পরিস্থিতি। আর তারপর টাইব্রেকারে চেলসির হয়ে পঞ্চম শট নিতে সব হিসাব উল্টে দিলেন ‘খলনায়ক’ লুকাকু।
হেরে গেলেও নিজের দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট চেলসি কোচ মরিনহো, ‘আজ সেরা দলটা হেরে গেছে। সেরা দল, যারা ১০ জন নিয়েও ইউরোপের চ্যাম্পিয়নদের সঙ্গে দীর্ঘ সময় খেলেছে। আমি শুধু বলতে পারি আমার কপাল মন্দ। তবে এটাই ফুটবল।’ মরিনহোর সঙ্গে একমত হবেন না এটা জানা কথাই। চেলসি কোচের দাবিটা তাই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাসিমুখে উড়িয়ে দিলেন পেপ গার্দিওলা, ‘সেরা দলই জিতেছে। কারণ ম্যাচে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছি।’ এএফপি।