মিকি মাউসের মতো ‘ব্র্যাডম্যান’ আর নয়
সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনি। দেশ, জাতি আর কালের সীমা ছাড়িয়ে স্যার ডন ব্র্যাডম্যানের আবেদন পুরো ক্রিকেটবিশ্বেই, যুগ যুগ ধরে। এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে ফায়দা তোলার লোকেরও অভাব নেই। কিন্তু তারও তো একটা সীমা আছে! ব্র্যাডম্যান অমুক, ব্র্যাডম্যান তমুক...ইচ্ছামতো চলছিল তাঁর নাম ও ছবির ব্যবহার। এএফপি।শুরুতে তাঁর পরিবার সব দেখেশুনেও চুপ করেই ছিল। কিন্তু ২০০৫ সালে অস্ট্রেলিয়ার একটি ফুড কোম্পানি ‘ব্র্যাডম্যান’ নামে ভারতে একটি চকলেট চিপস কুকিজ বাজারজাত করার পর আর সহ্য করতে পারেননি স্যার ডনের ছেলে জন ব্র্যাডম্যান। আক্ষেপ নিয়ে বলেছিলেন, ‘স্যার ডন হলেন পরিবারের সবার ভালোবাসার একজন মানুষ, যাঁকে সবাই মিস করেন। তিনি মিকি মাউসের মতো কোনো ব্র্যান্ড নাম নয়।’ দায়িত্বে অবহেলার জন্য ‘অ্যালেনস আর্থার রবিনসন’ ল ফার্মকে দায়ী করেছিলেন ব্র্যাডম্যান এস্টেটের নির্বাহীরা। ডনের নাম ও ছবির মেধাস্বত্ব রক্ষার দায়িত্ব এই ল ফার্মের। সাউথ অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল এ নিয়ে। তবে আদালতের দীর্ঘসূত্রতার কথা ভেবে কোর্টের বাইরেই একটা সমঝোতা চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। চুক্তির শর্তগুলো গোপন আছে। জন জানিয়েছেন, এখন আর যথেচ্ছ ব্যবহার হবে না ডনের নাম।