মিঠুন-এনামুলের দিনে রাজশাহীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এনামুল হক জুনিয়র ও খুলনার মিঠুন আলী—দুজনই দাঁড়িয়ে ছিলেন ব্যক্তিগত দুটি অর্জনের সামনে। কাল চট্টগ্রামে এনামুল পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ৩০০তম উইকেট। মিঠুনও পেয়ে গেছেন জোড়া সেঞ্চুরি। সিলেট ও খুলনার ম্যাচটিও হয়েছে ড্র। তবে ম্যাচ বাঁচাতে বেশ সংগ্রামই করতে হয়েছে সিলেটকে। ৯ রানে ৩ ও ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা সিলেট ড্র করেছে রাজিন সালেহর (৬৬*) দৃঢ়তায়।৩২১ রানে পিছিয়ে পড়া সিলেটের দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল ঠিক প্রথম ইনিংসের মতোই। প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে এবারও ইমতিয়াজ ও সাকের আউট ডলার মাহমুদের বলে। এবারও খুলনার পেসার হ্যাটট্রিক-বঞ্চিত রাজিন সালেহর কারণে। এরপর পঞ্চম ও সপ্তম উইকেটে গোলাম মাবুদ ও এনামুল জুনিয়রের সঙ্গে সমান ৪৪ রানের দুটি জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেছেন ম্যাচে নিজের দ্বিতীয় ফিফটি পাওয়া রাজিন। এর আগে দিনের শুরুতে খুলনার শেষ ব্যাটসম্যান আল আমিনকে আউট করেই ৩০০ উইকেট পূর্ণ করেন এনামুল। অন্যদিকে আগের দিন ৮০ রানে অপরাজিত মিঠুন আউট হওয়ার আগে ঠিকই সেঞ্চুরি (১০০) তুলে নিয়েছেন। ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করে ফেরার পর তিন ম্যাচে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। এই উইকেটকিপার ব্যাটসম্যান হয়েছেন ম্যাচসেরা।সিলেটে টানা সেঞ্চুরি পেয়েছেন ঢাকা মহানগরের ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রও। আগের ম্যাচে তাঁর সেঞ্চুরি হার বাঁচিয়েছিল দলের। তবে এবার রাজশাহীর কাছে তাঁর দল হেরে গেছে ৯ উইকেটে। ২৭৪ রানে অলআউট হয়ে রাজশাহীর সামনে মাত্র ৭২ রানের লক্ষ্যই যে দিতে পেরেছিল মহানগর। আর এই মামুলি লক্ষ্য টপকাতে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হয়েছে মাত্র ১০.৩ ওভার, উইকেট পড়েছে একটি। দুই ইনিংসেই চারটি করে উইকেট নেওয়া রাজশাহীর পেসার মুক্তার আলী হয়েছেন ম্যাচসেরা।এক রাউন্ড বাকি থাকতে ১০২.৯২ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা। এর পর সিলেট (৯৫.৫৮), রাজশাহী (৯৩.৯৮) ও মহানগরের (৮৮.৪৮) অবস্থান। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।