মিঠুনের আরেকটি সেঞ্চুরি
সিলেটে কাল জাতীয় লিগের ঢাকা মহানগর-রাজশাহী ম্যাচটি শুরু হয়েছিল ১৫ মিনিট দেরিতে। কারণটা কুয়াশা নয়! দুদলের পাঁচ ক্রিকেটারের মাঠে পৌঁছাতে হয়েছিল দেরি। বিলম্বের কারণ ওই পাঁচ খেলোয়াড়কে বহনকারী বাসের ইঞ্জিনে ধরে গিয়েছিল আগুন। অবশ্য কারও কোনো ক্ষতি হয়নি। দিনের খেলাও হয়েছে পুরোটাই।টস জিতে মহানগরকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজা। তাঁর সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে সময় নেননি সাকলাইন সজীব, নিয়েছেন ৫ উইকেট। দশম ওভারে আক্রমণে এসেই পরপর দুই ওভারে মহানগরের দুই ওপেনার মোহাম্মদ আশরাফুল (৯) ও আরমান হোসেনকে (১৩) আউট করেন বাঁহাতি স্পিনে। এরপর ব্যাট করতে নেমেই শামসুর রহমান মুখোমুখি হওয়া প্রথম দুই বলে ছক্কা মারেন সাকলাইনকে। তৃতীয় উইকেটে আসিফ আহমেদের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন শামসুর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০১ রানেই শেষ মহানগরের ইনিংস। জবাবে অধিনায়কের উইকেটটি হারিয়ে ৯৪ রানে দিন শেষ করেছে রাজশাহী।চট্টগ্রামের ম্যাচে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ২৯৬ রান করেছে খুলনা। প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ এবং এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ১০৫ রানে অপরাজিত মিঠুন আলী। মাত্র ৯৫ বলেই ১০০ ছোঁয়া মিঠুনের ইনিংসে আছে ৪টি চার ও ৬টি ছক্কা। বাংলাদেশে ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করে আসা এই উইকেটকিপার ব্যাটসম্যানের চার সেঞ্চুরির তিনটিই ২০১১ সালে।