ব্যতিক্রমী একটা দৃশ্য। খেলা শেষ। মুক্তিযোদ্ধার সব খেলোয়াড় মাঠে গোল হয়ে দাঁড়িয়ে। মাঝখানে ডেকে নেওয়া হলো মিঠুন চৌধুরীকে। সতীর্থরা প্রথমে সবাই হাততালি দিলেন। এরপর মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন মিঠুনকে। মুক্তিযোদ্ধা স্ট্রাইকার যে অ-নে-ক দিন পর ফিরে পেয়েছেন নিজেকে। বিরতির পর মাঠে নেমে পেয়েছেন সোনার হরিণে পরিণত হওয়া গোলের দেখা।অবিশ্বাস্যই মনে হবে, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ১১ ম্যাচে কোনো গোল ছিল না গত মৌসুমে বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করা মিঠুনের। কাল দ্বাদশ ম্যাচে দীর্ঘ সেই গোল-খরা ঘুচিয়ে দুই গোল। করে ফেলতে পারতেন হ্যাটট্রিকও। সতীর্থদের অভিবাদন জানানোর মতোই উপলক্ষ।দেশের শীর্ষ দুই স্ট্রাইকার এমিলি ও মিঠুন দলে, তার পরও গোল-খরায় ভুগছিল মুক্তিযোদ্ধা। এমিলি তবু লিগে ৪ গোল করেছেন। তা করেই স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শীর্ষ গোলদাতা! কাল ফেনী সকারের বিপক্ষে গোলের খাতা খুলতে পারলেন মিঠুন। সঙ্গে ৫-০ গোলে জয়ে মুক্তিযোদ্ধা উৎসবই করল ম্যাচ শেষে। যদিও অস্বস্তির কাঁটা হয়ে আছে আগের ম্যাচটায় ফরাশগঞ্জের কাছে হার, যা মুক্তিযোদ্ধাকে লিগ লড়াই থেকে একটু পিছিয়েই দিয়েছে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা আবাহনী এক ম্যাচ কম খেলেই ৩ পয়েন্টে এগিয়ে।মাঠের বাইরেও মুক্তিযোদ্ধার বড় সমস্যা। ধানমন্ডিতে দলের আবাসিক ক্যাম্পে ওয়াসার পানি সরবরাহ নেই। বিদ্যুৎ চলে গেলে আইপিএসবিহীন অবস্থায় গরমে সেদ্ধ হতে হয় খেলোয়াড়দের। ক্যাম্পের দুর্ভোগ খেলোয়াড়দের জন্য বিভীষিকাই হয়ে উঠেছে। মিঠুনের গোল তাতে এক পশলা স্বস্তির বাতাসই। কাল বাকি তিনটি গোল করেছেন নাসির, শিহাব ও নাইজেরিয়ান সানডে। শিহাব নতুন খেলোয়াড়। পাঁচ গোলের চারটিই স্থানীয় খেলোয়াড়দের।মুক্তিযোদ্ধা গত সাত ম্যাচে গোল করেছে মাত্র পাঁচটি। এমিলি-মিঠুন গোলে নেই। এমিলি কাল চোটের কারণে দলেই ছিলেন না। মিঠুনকে রাখা হয়নি প্রথম একাদশে। কোচ শফিকুল ইসলাম বিকল্প হিসেবে ‘আর্মির নাসির’কে নামিয়ে দিলেন ওপরে। নাসিরকে যখন যেভাবে প্রয়োজন কাজে লাগানো হয়। কখনো রক্ষণ, কখনো মাঝমাঠ, কখনো আক্রমণে। একক স্ট্রাইকার সানডেকে ওপরে রেখে তাঁর নিচে নাসির ও ব্রাজিলিয়ান লিমা।এদিন শুরু থেকেই সবকিছু মুক্তিযোদ্ধার পরিকল্পনামতো হচ্ছিল। গা পোড়ানো গরমেও গোছানো ফুটবলই খেলেছে মুক্তিযোদ্ধা। মাঝমাঠ থেকে প্রচুর বল তৈরি করেছেন মারুফ। উপরন্তু ফেনী সকার এদিন দ্বিতীয় গোল খেয়ে আরও হতোদ্যম হয়ে পড়ে। ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যেতে হয় সকারের নির্ভরযোগ্য ডিফেন্ডার মোস্তফা কাবাকে। আহত হন গোলরক্ষক আরিফ। দলটার পৃষ্ঠপোষক ও খেলোয়াড় তাবিথ আউয়াল বাফুফের সহসভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কালই ছিল প্রথম ম্যাচ। কিন্তু অসহায় আত্মসমর্পণই করল সকার।সপ্তম মিনিটেই নাসিরের আলতো শটে ১-০। ২১ মিনিটে সানডে ব্যবধান বাড়ান। ৬৪ মিনিটে মারুফের বক্সে তোলা বল হেড করে জালে পাঠান মিঠুন। ৭৭ মিনিটে চতুর্থ গোলটা শিহাবের। অতিরিক্ত সময়ে শেষ গোল মিঠুনের।স্বস্তি, আনন্দ আর মুক্তির গোল পেলেন মিঠুন!আজকের খেলাশেখ রাসেল-রহমতগঞ্জ(বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)