মিনহাজুলের চোখে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচক হিসেবে এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বিদেশ সফর করেছেন। তবে নির্বাচক মিনহাজুল আবেদীন জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে এলেন এবারই প্রথম। মাঠ এবং মাঠের বাইরে খুব কাছ থেকে দেখছেন খেলোয়াড়দের। কাল সকালে সেসব নিয়েই কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার জায়গাগুলোও  ২৫২ রান করেও দ্বিতীয় ওয়ানডেতে জেতা গেল না যে কারণে—মিনহাজুল আবেদীন: প্রথমে বলব উইকেটের কথা। এখানে যে রকম উইকেট, তাতে জেতার জন্য অন্তত ২৭০-২৭৫ রান করা দরকার। কারণ উইকেটটা পরে ব্যাটিংয়ের জন্য খুব ভালো হয়ে যায়। মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করলে এখানে আরামে রান করা যায়। আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে আমরা ২০ রান কম করেছি। তাই বলে ব্যাটিংই একমাত্র সমস্যা নয়—মিনহাজুল: আমাদের বোলাররা প্রথম ৯ ওভারে ৬৩ রান দিয়েছে। এখানে আমরা আরও পিছিয়ে গেছি। বোলাররা ভালো লাইন-লেংথে বোলিং করেনি। তবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কৃতিত্বও খাটো করা যাবে না। খুবই ভালো ব্যাটিং করেছে ওরা। প্রথম থেকেই আমাদের বোলারদের ওপর চড়াও হয়েছে। টপ-অর্ডার যে কারণে পারছে না—মিনহাজুল: এখানে শুরু থেকেই চালিয়ে খেলা যাবে না। প্রথম ১০ ওভার সতর্ক হয়ে খেলতে হবে, যেন উইকেট না পড়ে। সকালে বল সুইং করে। খেলা ৯টায় শুরু বলে বল আরও বেশি মুভ করে। ওপেনারদের মনে রাখতে হবে যেন শুরুতেই কোনো গোলমাল হয়ে না যায়। আগের ম্যাচে হাতে বেশি উইকেট রাখতে পারিনি বলে বড় ইনিংস হয়নি। রাজ্জাক রান করায় আড়াই শ হয়েছে। আমি মনে করি, পরের ম্যাচে কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামতে হবে। শুরুতেই উইকেট হারানো যাবে না। প্রথম ৪০ ওভারে রানরেট একটু কম থাকলেও হাতে বেশি উইকেট থাকলে বড় ইনিংস গড়া সম্ভব। স্পিনারদের উইকেট নয়—মিনহাজুল: আমার ধারণা, উইকেট স্পিনারদের জন্য সমস্যা তৈরি করছে। উইকেটে ঘাস আছে। বল এখানে স্কিড করে, তাই টার্ন হচ্ছে না। ব্যাটসম্যান খুব সহজে সামনে গিয়ে খেলতে পারছে। তবে সিমাররা ভালো করছে। এই কন্ডিশনে তাদেরই ভালো করার কথা। তবে সাকিব এবং রাজ্জাক দুজনই অভিজ্ঞ স্পিনার। আমার বিশ্বাস, আরেকটু মনঃসংযোগ বাড়ালে তারাও ভালো করবে। পেসাররা একটু ক্লান্ত কিনা—মিনহাজুল: আমি তা মনে করি না। এটা ওয়ানডে ক্রিকেট, এখানে আপ অ্যান্ড ডাউন থাকবেই। তা ছাড়া আমরা এখনো সিরিজ হেরে যাইনি। যে জায়গায় আছি, তাতে আগের বিষয়গুলো নিয়ে খুব বেশি পর্যালোচনায় না গিয়ে পরের খেলায় মনোযোগ দেওয়া ভালো। হ্যাঁ, বোলিংটা আগের ম্যাচে ভালো হয়নি। পেসাররা শুরুতে ভালো বল করলে পরে স্পিনারদের কাজটা সহজ হয়। শন উইলিয়ামসের ব্যাটিং—মিনহাজুল: আমার কাছে ওকে আগেই বিপজ্জনক ব্যাটসম্যান মনে হয়েছে। ওর জন্য একটা প্ল্যান অবশ্যই থাকতে হবে। তবে আমি মনে করি, একটা ম্যাচ দিয়েই সবকিছু বিচার করা উচিত নয়। আমাদের খেলোয়াড়েরা অনেক লম্বা একটা সফরে আছে। তাতে উত্থান-পতনের সম্ভাবনা সব সময়ই থাকে। প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্ট জিতেছি। বুলাওয়েতে এসে তো প্রথম ওয়ানডেতে দারুণভাবে জিতলাম। দ্বিতীয় ম্যাচটা হারলেও আমাদের এখনো সিরিজ জয়ের সম্ভাবনা আছে। খেলোয়াড়দের সঙ্গে থেকে তাঁদের যে রকম দেখছেন—মিনহাজুল: খেলোয়াড়েরা মানসিকভাবে চাঙা আছে। সবাই খুব ইতিবাচক, আত্মবিশ্বাসী। দেখবেন, পরের ম্যাচে আমরা ভালো করব। চাপ এবং জিম্বাবুয়ে দল—মিনহাজুল: ক্রিকেট খেলায় চাপ সব সময়ই থাকে। ব্যাটিং-বোলিং করার প্রতিটি মুহূর্তেই থাকে এটা। আর জিম্বাবুয়েও খারাপ দল না। ওয়ানডেতে ওদের রেকর্ড ভালো।