মিনেইরাওজোতে স্তব্ধ ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, সেখানে শোক-হতাশা-গ্লানি মিলেমিশে একাকার। পর্তুগিজ ভাষায় ‘বেলো হরিজন্তের’ অর্থ ‘নয়নাভিরাম দিগন্ত’। অন্তত পরশু দিনের জন্য সেটা হয়ে গিয়েছিল ‘বিষাদের দিগন্ত’। এমন শোকের দিন বেলো হরিজন্তেতে তো বটেই, ব্রাজিলেও কি কখনো এসেছিল?
কোনো এক অশীতিপর ভালো বলতে পারবেন। ১৯৫০ সালে মারাকানার সেই অলিখিত ফাইনালে যাঁরা ছিলেন তাঁরা দেখেছেন তিলে তিলে গড়া স্বপ্নসৌধ ৯০ মিনিটেই কীভাবে ধসে পড়তে পারে। সেবার উরুগুয়ের হাতে ভেঙেছিল স্বপ্ন। এবার জার্মানির কাছে। স্বপ্নভঙ্গের বেদনা কি এবার আরও বেশি? ৮৮ বছর বয়সী লরডেস মৌরা সে সময় ছিলেন চিকিৎসাবিজ্ঞানের ছাত্র। তাঁর কথা, ‘এটা লজ্জা। তখন আমি কেঁদেছিলাম, ভীষণ কেঁদেছিলাম। কিন্তু এখন আমি খুবই ক্ষুব্ধ।’ মারাকানার সেই বিপর্যয়ের নাম হয়ে গিয়েছিল মারাকানাজো। আর পরশু বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাতে হয়ে গেল ‘মিনেইরাওজো’। সাও পাওলোর ফার্নান্দো হাজ্জান নতুন প্রজন্মের, বয়স ২৮। ‘মিনেইরাজো’ই তাঁর কাছে বড়, ‘এটা ১৯৫০ সাল থেকেও খারাপ। একটা ম্যাচে লড়াই করে হারা এক কথা আর লজ্জা পাওয়া আরেক কথা। এই ম্যাচটাও ইতিহাসে জায়গা পেয়ে যাবে।’
ভিন্নমতও অবশ্য আছে। ডেইলি ল্যান্স-এর ক্রীড়াবিশ্লেষক মিশেল কান্তেলার যেমন বললেন, ‘১৯৫০ সালে আমাদের দলটা অজেয় ছিল। মারাকানায় হেরে যাওয়াটা ছিল অচিন্তনীয়। কিন্তু এবার আমরা জানতাম আমাদের অনেক ত্রুটি ছিল। আমরা জানতাম, দল হয়তো ফাইনালে নাও পৌঁছাতে পারে। এটা কি জাতীয় লজ্জা? হ্যাঁ, কিন্তু এটা নতুন মারাকানাজো নয়।’
কিন্তু তাতে কি শোকের দুকূলপ্লাবী জোয়ারে বাঁধ দেওয়া যায়? রিওর কোপাকাবানা সৈকতে খেলা উপলক্ষে জড়ো হয়েছিল অগণ্য মানুষ। ম্যাচ শেষে সেই উৎসব রূপ নিয়েছে বিষাদে, খানিকটা সহিংসতায়ও। এর মধ্যে দুজনকে পুলিশ আটকও করেছে। সাও পাওলোতে পোড়ানো হয়েছে বেশ কয়েকটি বাস। যদিও সেগুলোর সঙ্গে ‘মিনেইরাওজোর’ সম্পর্ক কতটা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
তবে হাহাকার এতেও থামছে না। ব্রাজিলের প্রচারমাধ্যম শোকের ঝাঁপি খুলেই বসেছে। ল্যান্স বলেছে, ‘ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা’। ফোলহা ডি সাও পাওলোর শিরোনাম ‘ঐতিহাসিক লজ্জা’। করিয়েরে ব্রাজিলেন্স-এর শিরোনামটাও কাছাকাছি, ‘শাশ্বত লজ্জা’। ও গ্লোবোর বড় হরফের শিরোনাম, ‘লজ্জা লজ্জা লজ্জা’।
বিশ্বকাপের আগে থেকেই ব্রাজিলজুড়ে চলছিল সহিংসতা-বিক্ষোভ। শুরুর পর সেই উত্তেজনা স্তিমিত হয়েছিল বটে, এখন কি সেই নিবু নিবু বারুদে নতুন করে আগুন লাগবে? ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রুসেফ যতই বলুন ‘আমরা ঘুরে দাঁড়াব’ তাতে জমে উঠতে থাকা বিষবাষ্প কি এতটুকু কমবে? রয়টার্স, এএফপি।