মিনেইরোতে ফেরেনি ‘মারাকানা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে ৬০ হাজারের মিলিত দীর্ঘশ্বাসের শব্দ তখন অনেক ভারী। বাকি মাত্র ৪ মিনিট। ব্রাজিল ১: ১ উরুগুয়ে। এ ম্যাচের অনিবার্য গন্তব্য তো অতিরিক্ত সময়। ঠিক তখনই বাঁ প্রান্ত থেকে নেইমারের কর্নার কিক। ছয় গজি বক্সের মানবজঙ্গলে একটু ফাঁকায় দাঁড়ানো একটি দীর্ঘ হলুদ শরীর লাফিয়ে উঠল। মুসলেরা প্রমাদ গুনলেন। আশায় চকচক করে উঠল মাঠ ও মাঠের বাইরের তাবৎ হলুদ। পাওলিনহোর হেডে এই প্রমাদ ও আশা মিলল এক বিন্দুতে, জন্ম নিল দুর্দান্ত এক গোল। আনল বিজয়। ব্রাজিলকে তুলল কনফেডারেশনস কাপের ফাইনালে!না, এটি শুধুই একটি গোল। ম্যাচের ফলনির্ণায়কও বটে। কিন্তু গোটা ম্যাচের গতিপ্রকৃতি যেন বাঁধা পড়ল ১৪ মিনিটে একটি না-হওয়া পেনাল্টি গোলে। কেন যে হঠাৎ অমন দুর্মতি হয়েছিল ডেভিড লুইজের তা তিনিই ভালো জানেন। তবে ব্রাজিলের সেন্টারব্যাক ডেভিড লুগানোকে জড়িয়ে ধরে যে ফেলে দিলেন, চিলিয়ান রেফারির তা চোখ এড়ায়নি। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি। আর সময় নিয়ে দেখেশুনে ডিয়েগো ফোরলান করলেন কী, যেদিকে ঝাঁপ দিলেন হুলিও সিজার, ওই বাঁ দিকেই মেরে দিলেন বল। সিজার হাতের চেটোয় বল রুখে দিয়ে নায়ক, ততটাই তখন খলনায়ক তিন দিন আগেও উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা স্ট্রাইকার। খলনায়কই, না হলে গোলরক্ষকের চোখের ভাষা পড়ে ঠিকঠাক পেনাল্টি কিক নিতে পারলে গোলের সম্ভাবনা থাকে ৯৯.৯৯ শতাংশ। ফোরলান-ব্যর্থতায় উরুগুয়েও মুহূর্তেই হয়ে পড়ল নেতিয়ে পড়া, সৃজনশীলতাহীন এক দল। ঠিক উল্টো ঘটল ব্রাজিলের বেলায়। তারা উজ্জীবিত। প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও আর রাজি নয়! শুধু এটুকুই। নতুবা বিখ্যাত হলুদদের খেলাতেও সৃষ্টিশীলতা ছিল না। সারা মাঠে ত্রিভুজ গড়ে গড়ে তারুণ্য থেকে পাওয়া গতির তুবড়ি ছুটিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টাটাই দেখা গেল। তবে এই চাপ ধরে রেখেই ব্রাজিলের এগিয়ে যাওয়া ৪১ মিনিটে। নেইমারই থাকলেন গোলের উৎসমুখে। তাঁর ফ্লিক উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা অনুমান ক্ষমতার ওপর বাঁ হাত লাগিয়ে দূরে সরিয়ে দিলেও বিপদ বাঁচাতে পারেননি। সর্বক্ষণ গোলের গন্ধ শুঁকে চলা ফ্রেডের ‘সিজর কিকে’ বল জড়াল জালে (১-০)।কিন্তু দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা নিংড়ে উরুগুয়েই ইঙ্গিত দিল ঘুরে দাঁড়ানোর। যদিও ৩ মিনিটের মধ্যেই তাদের সমতা ফেরানো গোলটি ব্রাজিলের সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভার শিশুতোষ এক ভুলের মাশুল। সিলভার ভুল পাসে বক্সে বল পেয়ে এডিনসন কাভানি বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে (১-১)। তারপর দুই পক্ষেরই হঠাৎ হঠাৎ কিছু আক্রমণ দেখেছে স্তাদিও মিনেইরো। মনে করা যাচ্ছে শেষের ডাক শুনতে পাওয়া ফোরলানের দুটি শট, লুইস সুয়ারেজের একটা হেড, ফ্রেডের একটা ভলি। কিন্তু ম্যাচসেরা পাওলিনহোর ওই হেড ছাড়া আর কোনো প্রচেষ্টাই ফলবতী হওয়ার লক্ষণ দেখায়নি। আগের তিন ম্যাচে ব্রাজিলকে যতটা সৃষ্টিশীল দেখিয়েছে তা যেন হঠাৎ করেই এই ম্যাচ আটকে দিল কপাট। যা দেখিয়েছে, তা কিছুটা স্নায়ুকাতরতার উত্তেজনা। কিছুটা নাটুকেপনা। হতে চান বা না-চান এরই মধ্যে ব্রাজিলের বীর হয়ে ওঠা নেইমারও যাতে ‘প্রতিভার ছোঁয়া’ রেখেছেন বলে দাবি করবেন দুর্মুখেরা।কিন্তু উরুগুয়ের বাড়িতে ধূসর স্মৃতি জপে অশীতিপর অ্যালসিডেস গিঘিয়া বলতে পারেন, এ সেই পঞ্চাশের মারাকানার চাপ। মারাকানায় ব্রাজিলকে রিক্ত-নিঃস্ব করে শিরোপাজয়ী উরুগুয়ে দলের একমাত্র জীবিত সদস্য ভেবে হয়তো আনন্দও পাবেন, ‘নাতিপুতিরাও’ ব্রাজিলকে এখনো ‘মারাকানজো’য় আক্রান্ত করতে পারে!রাস্তায় জনতার বিপ্লব, মাঠে তার আঁচ মেখেও পরশু ম্যাচ শেষে দুই প্রবীণ আনন্দে ‘হাডল’ করলেন লাফিয়ে লাফিয়ে। এঁরাই ব্রাজিল ফুটবলের আসল ত্রাণকর্তা। কোচ লুইস ফেলিপে স্কলারি ও টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস আলবার্তো পাহেইরা। এঁরা নিজেরাই কখনো ভুলেও টেলে সান্তানার মতো সুন্দর ফুটবলের পূজারি বলে হয়তো দাবি করবেন না। এঁরা চান জয়, চান ফিফা র্যাঙ্কিংয়ের ‘অতল’ থেকে তুলে ব্রাজিলকে আবারও সর্বজয়ী চেহারা দিতে। চার ম্যাচেই জিতিয়ে ফাইনালে তুলে সেই কাজের কিছুটা করলেন। রোববার মারাকানায় টুর্নামেন্টের টানা তৃতীয় ট্রফিটা জিততে পারলে আরেকটু এগোবেন। বলতে পারবেন, ব্রাজিলকে ফিরিয়ে আনলাম ‘ব্রাজিলে’। যে ব্রাজিল জয় চেনে, মারাকানায় আগামী বিশ্বকাপ ফাইনালেও যারা ট্রফি নেওয়ার ক্ষমতা রাখে। সুন্দর ফুটবল থেকে একটু দূরে সরে গেলেও!