মিনেইরোর প্রথম, রোনালদিনহোরও
৬০ হাজার দর্শকের অপলক দৃষ্টি, শ্বাসরুদ্ধ বেলো হরিজন্তে স্টেডিয়াম। অলিম্পিয়ার হয়ে পঞ্চম ও শেষ পেনাল্টি শট নিতে যাচ্ছেন মাতিয়াস জিমেনেজ। গোল করলেই পুরো চাপটা তখন চলে যাবে রোনালদিনহোর কাঁধে। অ্যাটলেটিকো মিনেইরোর শেষ পেনাল্টি নেবেন তিনি। পারলেন না জিমেনেজ। ১২ গজের রহস্যময় সরণির শেষ খুঁজে পেল না তাঁর শট। ফিরে এল পোস্টে লেগে। অ্যাটলেটিকো মিনেইরো ৪-৩ অলিম্পিয়া। শেষ শটটা আর নিতে হলো না রোনালদিনহোকে। মুহূর্তকাল আগের নীরব বেলো হরিজন্তে স্টেডিয়াম ফুঁসে উঠল উৎসবের গর্জনে। আরও একবার প্রায় অসাধ্য সাধন করে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে নিল বেলো হরিজন্তেবাসীর প্রিয় ক্লাব! প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকার পরও ফিরতি লেগে গুনে গুনে গোল শোধ করা। তারপর অতিরক্ত আরও ৩০ মিনিট দাঁত কামড়ে তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া তো প্রায় অসাধ্য কাজই!সেমিফাইনাল ও ফাইনাল—দুটি চিত্রনাট্যই যেন একই হাতে লেখা। শেষ চারেও নিওয়েলস ওল্ড বয়েজের কাছে প্রথম লেগে দুই গোলে পিছিয়ে ছিল সাবেক ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা। পরে ফিরতি লেগে গোল শোধ করে জিতেছিল টাইব্রেকারে। পর পর দুবার মিনেইরোর এই বিস্ময়কর প্রত্যাবর্তনকে কিন্তু মোটেও কাকতালীয় বলতে রাজি নন কোচ কুকা, ‘ যা লেখা থাকে সেটা কখনো খণ্ডানো যায় না। এই শিরোপাটা আমাদেরই পাওনা ছিল।’কিছুটা ভাগ্যের সহায়তা অবশ্য পেয়েছে মিনেইরো। নিজেদের মাঠে দুই গোল করা অলিম্পিয়া পরশু মিনেইরোর মাঠেও প্রথমার্ধটা খেলেছে দারুণ। তবে রক্তশপথে নামা রোনালদিনহোর দল বিরতির পর মাঠে নেমেই ব্যবধান কমিয়েছে জো’য়ের গোলে। এর পরও ম্যাচে ছিল অলিম্পিয়া। কিন্তু ৮৫ মিনিটে ডিফেন্ডার হুলিও মানজুর লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বদলে যায় পরিস্থিতি। ১০ জনের দল হয়ে যাওয়া অলিম্পিয়াকে দুই মিনিট পরই সবচেয়ে বড় ধাক্কাটা দেন লিওনার্দো সিলভা। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের হেডে দুই লেগ মিলিয়ে মোট গোলে সমতা ফেরায় মিনেইরো। প্যারাগুয়ের দলটি হাল ছাড়েনি এর পরও। দশজন নিয়েই অতিরিক্ত সময়টা লড়াই করে ম্যাচ নিয়ে গেছে টাইব্রেকারে। কিন্তু ডিফেন্ডার হারমিনিও মিরান্ডার প্রথম শটটাই ফিরিয়ে দিয়ে সব গড়বড় করে দেন মিনেইরো গোলরক্ষক ভিক্টর। ব্রাজিলিয়ানদের হয়ে টানা চারজন জালে বল পাঠানোর পর শেষ শটে গোল করা ছাড়া উপায় ছিল না জিমেনেজের। কিন্তু লিবার্তাদোরেস বিধাতা যে এদিন লিখে রেখেছিলেন অন্য চিত্রনাট্য!মিনেইরোর প্রথম কোপা লিবার্তাদোরেস, রোনালদিনহোরও। দুই মহাদেশের ক্লাব শিরোপা জেতা ভাগ্যবান সাত ফুটবলারের একজন তো হয়েছেনই। একই সঙ্গে বিশ্বকাপও জেতা বিরল চার ফুটবলারের একজন এখন তিনি (বাকি তিনজন কাফু, দিদা, রকি জুনিয়র)। উচ্ছ্বাসের পাশাপাশি তাঁকে যারা বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তাদের প্রতিও ক্ষোভটা তাই বেরিয়ে এল ম্যাচ শেষে, ‘এই শিরোপাটাই আমার জেতা হয়নি আগে। আমি এটির জন্যই ব্রাজিলে ফিরে এসেছিলাম। সবাই বলেছিল আমি শেষ হয়ে গেছি। এখন ওরা কিছু বলুক।’ এএফপি।