মিরপুর ডাইভিংপুল ভাঙার দাবি

১৯৯৩ সাফ গেমসের সময় নির্মাণ করা হয়েছিল মিরপুর সাঁতার কমপ্লেক্সের ডাইভিংপুল। কিন্তু ত্রুটিপূর্ণ নকশার কারণে এই ২০ বছরেও এই পুলে এ পর্যন্ত কোনো প্রতিযোগিতার আয়োজন করা যায়নি! কিন্তু ডাইভিংপুলটি রক্ষণাবেক্ষণের জন্য ঠিকই প্রতিবছর খরচ হচ্ছে ফেডারেশনের। আর জাতীয় ও বয়সভিত্তিক সাঁতার ফেডারেশনকে ডাইভিংপুল চেয়ে ধরনা দিতে হয় নৌবাহিনী, সেনাবাহিনী বা বিকেএসপির কাছে। এবারের বয়সভিত্তিক সাঁতারে ডাইভিংয়ের তিনটি ইভেন্টের জন্য নৌবাহিনীর কাছে পুল চেয়েও না পেয়ে শেষ পর্যন্ত যেতে হয়েছে বিকেএসপিতে।
ডাইভিংপুলের নির্মাণগত ত্রুটি এবং স্প্রিং বোর্ড না থাকায় মিরপুরে প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। সাধারণত একটি আদর্শ ডাইভিংপুলে ১ ও ৩ মিটারের দুটি স্প্রিং বোর্ড বসাতে হয়। এ ছাড়া প্ল্যাটফর্ম বোর্ড বসাতে হয় সাড়ে ৭ ও ১০ মিটারের। কিন্তু মিরপুরে ডাইভিং বোর্ড থাকলেও স্প্রিং বোর্ড নেই। তা ছাড়া ১০ মিটার প্ল্যাটফর্ম বোর্ডের সঙ্গে সাড়ে সাত মিটারের যতটুকু ব্যবধান থাকা উচিত, সেটাও নেই। তাই এখানে স্প্রিং বোর্ড বসালে সাঁতারুদের দুর্ঘটনা ঘটবে। এ জন্য ডাইভিংপুলটি ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, ‘আমরা চাই, এটি ভেঙে একটা আধুনিক ও মানসম্মত ডাইভিংপুল নির্মাণ করে দিক সরকার।’ এ মর্মে গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর একটি চিঠিও দিয়েছেন তিনি। কিন্তু ছয় মাসেও চিঠির কোনো জবাব পাননি।