মিরপুর ফিরুক ইডেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য, তারা ভিন্ন মাঠ, ভিন্ন উইকেট ও ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলছে প্রায় অপরিবর্তিত দল নিয়ে। তারা সাফল্যও পাচ্ছে। যদি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের শক্তি ও অভিজ্ঞতার দিকে তাকাই, এটা তাদের সেরা একাদশ নয়।
তবে ভারতের উইকেটের চরিত্র ও প্রতিপক্ষ বিশ্লেষণ করে তাদের টিম ম্যানেজমেন্ট চমৎকার একটি সমন্বয় তৈরি করেছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের উইকেটে নিউজিল্যান্ড একাদশে নিয়মিত স্পিনার ত্রয়ীর দেখা মিলবে, এটা ছিল কল্পনাতীত। নতুন এই
স্পিনাররা দারুণ কার্যকর ও ধারাবাহিক সাফল্যও পাচ্ছেন। কোরি অ্যান্ডারসনের অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে স্পিনারদের নৈপুণ্যে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় থাকায় দল নিয়ে এখনো তাদের ভাবতে হয়নি। তারা শুধু নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করেছে এবং দিন শেষে সফল হয়েছে।
বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটিতে বাংলাদেশের পারফরম্যান্স নিশ্চিতই নিউজিল্যান্ডকে বড় সতর্কবার্তা দিয়েছে। নিকট অতীতে তারা দুবার বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে ফিরেছে। প্রথমবার ২০১০ সালে, ২০১৩ সালে দ্বিতীয়বার। সংস্করণ ভিন্ন হলেও এবার হয়তো সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে তারা। বাংলাদেশের সঙ্গে যদি সত্যি এমন ভাবনা নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড, সেটি আমাদের জন্য শাপেবর হতে পারে। পেশাদারির আবরণ ছাপিয়ে ‘বাংলাদেশকে উড়িয়ে দেব’, এমন ভাবনা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করতে পারে। তা ছাড়া দু-দুবার ধবলধোলাইয়ের সুখস্মৃতি মাশরাফিদের অনুপ্রাণিত করতে পারে।
টুর্নামেন্টে এটা বাংলাদেশের শেষ ম্যাচ। কোনো চাপ নেই। ফলে নির্ভার হয়ে মাঠে নামতে পারেন মাশরাফিরা। বাংলাদেশের সামনে অনেকগুলো বিকল্প আছে। ভারতের বিপক্ষে যে একাদশ প্রায় জিতিয়েই দিয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষেও সেটি দেখা যেতে পারে। তবে প্রতিপক্ষ বিবেচনা করলে কিছুটা রদবদলও হতে পারে। সাইডলাইনে বসে থাকা খেলোয়াড়দের পরখ করে দেখার সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের।
বেশির ভাগ খেলোয়াড়ের কাছেই ইডেন গার্ডেন স্বপ্নের মাঠ। এই মাঠের আলাদা মাহাত্ম্য রয়েছে। সব খেলোয়াড়ই চান এখানে খেলতে, দারুণ কিছু করতে। যতবারই এখানে খেলোয়াড়েরা খেলেন, চান নিজের সেরাটাই দিতে। বাংলাদেশের খেলোয়াড়েরাও তা-ই করবেন, এমনটাই বিশ্বাস।
ভারতের কাছে হারে কষ্ট পেয়েছেন বাংলাদেশের দর্শক। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন খেলোয়াড়েরাই। ম্যাচের শেষ মুহূর্তে উইকেটে যাঁরা ছিলেন, শুধু তাঁরা নন; আমার মনে হয় দলের প্রত্যেক খেলোয়াড়ই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের পারফরম্যান্সের ময়নাতদন্ত করেছেন। হারের পেছনে সবাই হয়তো নিজের দায়ই দেখছেন। ব্যাটসম্যানরা ভেবেছেন, যদি একটি রান বেশি করতাম, ম্যাচ টাই হতে পারত। ফিল্ডাররা ভেবেছেন, বলটা ঠিকঠাক ধরতে পারলে বা সময়মতো থ্রো করতে পারলে এক রান বাঁচানো যেত। বোলাররা ভেবেছেন, যদি আরেকটি রান কম দিতাম! এমন হারে সবার ভেতরই এমন চিন্তা কাজ করে।
উইকেট নিয়ে বলব, এই মাঠে ফাইনাল। নিউজিল্যান্ডের লক্ষ্যও ফাইনালে ওঠা। তারা উইকেটের চরিত্র নানাভাবে বুঝতে চাইবে। ফাইনালের আগে উইকেট নিয়ে কিউরেটরও একটা পোশাকি মহড়া করে ফেলতে পারবেন।
মনের ভেতরে যে ঝড় বইছে গত কদিন, সেটি থামানোর একটি উপায়—২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে উৎসব হয়েছিল, সেটি ইডেনে ফিরিয়ে আনা।