মিরপুরে অনেক নাটকের পর ড্র
রবিউল ইসলামের এক ওভারে ৪ উইকেট, নাকি মাহমুদউল্লাহর দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া? কে ঘুরিয়ে দিচ্ছিলেন ম্যাচ, সেই প্রশ্ন শেষ দিন শেষেও অমীমাংসিত। কাজেই ম্যাচটা ড্র।কুয়াশার কারণে প্রথম তিন দিনই খেলা শুরু হয়েছে দেরিতে, লাইট মিটারে ঘোষিত হয়েছে আগাম সমাপ্তি। তৃতীয় দিনের শেষে এক দলের দ্বিতীয় ইনিংস মাত্র শুরু। ড্র-ই ছিল তাই এই ম্যাচের সবচেয়ে অনুমিত ফল। কিন্তু কাল বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামের ইলেকট্রনিক স্কোরবোর্ডে ভেসে ওঠা ‘ম্যাচ ড্রন’ ঘোষণাটাকেই অস্বাভাবিক মনে হলো। শেষ দিনে যে নাটক হলো, তাতে এই ম্যাচে বোধ হয় ফলাফল হওয়াই উচিত ছিল।২১৬ রানে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর পরই চা-বিরতি। চা-বিরতির পর ৩৭ ওভারে ওয়ালটন মধ্যাঞ্চলের জয়ের লক্ষ্য ১২৭ রান। এই সমীকরণ আর জয় প্রায় সমার্থক। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই চার-চারটি উইকেট নিয়ে চিত্রটা বদলে দিলেন দক্ষিণাঞ্চলের পেসার রবিউল ইসলাম। প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে এলবিডব্লু আসিফ। তৃতীয় বলে রান নেই। চতুর্থ ও পঞ্চম বলে ইনসুইংয়ে বোল্ড আশরাফুল ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্শাল। অতিরিক্ত উত্তেজনায়ই কিনা হ্যাটট্রিক বলটা দাগের বাইরে পা ফেলে ‘নো’ করে দিলেন রবিউল। তাতেও অবশ্য আয়ু বাড়ল না মেহরাব জুনিয়রের ইনিংসের। ওভারের শেষ বলে আরেকটি ইনসুইঙ্গার ভেঙে দিল তাঁর স্টাম্পও। তবে হ্যাটট্রিকটা হলো না। সেই হতাশা ভুলে এক ওভারে চার ও ইনিংসে ৫ উইকেট তাঁর ক্যারিয়ারে সঞ্জীবনী হয়ে আসবে বলেই আশা করছেন রবিউল। প্রথম ওভার শেষে ৩ রানে নেই ৪ উইকেট! ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে শামসুরকেও ফিরিয়ে আরেকবার উল্লাসে মাতলেন রবিউল, মধ্যাঞ্চলকে ডুবিয়ে দিলেন আরও গভীর হতাশায়। জয়ের চিন্তা বাদ, ম্যাচ বাঁচানোটাই তখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ে মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই টান পড়েছিল হ্যামস্ট্রিংয়ে। সেই ব্যথা কালও ছিল। তবু মোশাররফ (১৬) আর নুরুল হাসানকে (১১*) নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাহমুদউল্লাহ পার করে দিলেন বাকি দিনটা। অবশ্য ১৮ রানে ৫ উইকেট পড়ার পর মোশাররফের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটিতেই মেঘ কেটে গিয়েছিল অনেকটা। এর মধ্যে করে নিয়েছেন ম্যাচে নিজের দ্বিতীয় ফিফটিটাও। প্রথম ইনিংসে করেছিলেন ৬৬, দ্বিতীয় ইনিংসে ১ ছক্কা আর ৩ বাউন্ডারিতে অপরাজিত থাকলেন ৫০ রানে।ম্যাচ শেষে অবশ্য ড্রয়ের তৃপ্তি নয়, জিততে না-পারার হতাশাই বড় হয়ে উঠল মাহমুদউল্লাহর কাছে। সেটিই স্বাভাবিক। প্রথম ইনিংসে ৯০ রানের লিড নেওয়া ছিল। দ্বিতীয় ইনিংসেও পেস-স্পিনের যুগলবন্দী আক্রমণে তারা দিশেহারা করে তুলল দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের। অবশ্য বোলিং যে খুব ভালো হয়েছে তা নয়, বরং ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরাই বিলিয়ে দিয়ে আসছিলেন উইকেট। ১১২ রানে ৭ উইকেট হারানোর পর মধ্যাঞ্চলের জয়ের লক্ষ্য কতটা সহজ হতে পারে, সেই অঙ্কই করছিলেন সবাই। দক্ষিণাঞ্চল মাত্র ২২ রান এগিয়ে, শেষ ৩ উইকেটে আর কতই-বা করবে!কিন্তু তুষার ইমরান বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে হঠাৎই ব্যাটসম্যান হয়ে ওঠা রুবেল হোসেনও। ৭ উইকেটে ১৪৯ রান করে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার পর ম্যাচটা যেখানে চা-বিরতির আগেই শেষ হওয়ার কথা, সেখানে অষ্টম উইকেটে ওই দুই ব্যাটসম্যানই যোগ করলেন ৮৭! শাহাদাতের বলে বোল্ড হওয়ার আগে সাত বাউন্ডারিতে ৬৫ রান তুষারের, ৪৪ রান করে রুবেল এলবিডব্লু হয়েছেন সানির বলে। শাহাদাত ৩ উইকেট আর সানি ২ উইকেট পেলেও এই ইনিংসেও মধ্যাঞ্চলের সেরা বোলার মোশাররফ। প্রথম ইনিংসে ৫ উইকেটের সঙ্গে মোশাররফ আরও ৪ উইকেট যোগ করায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্টের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও গেছে মধ্যাঞ্চলের ড্রেসিংরুমে। এই ম্যাচে মোশাররফ পেরিয়েছেন একটা মাইলফলকও—প্রথম শ্রেণীর ক্রিকেটে পেরিয়ে গেছেন ২৫০ উইকেট।সং ক্ষি প্ত স্কো রপ্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ৩৪৩ ও ৬৬.৪ ওভারে ২১৬ (ইমরুল ১২, রাব্বি ২৬, এনামুল ৮, মিঠুন ১৯, সৌম্য ১৫, তুষার ৬৫, জিয়াউর ৫, সোহাগ ০, রুবেল ৪৪, রবিউল ০, মুরাদ ২*; শাহাদাত ৩/৭২, তালহা ০/১৫, আশরাফুল ০/১৩, মাহমুদউল্লাহ ১/৫, মোশাররফ ৪/৬৮, সানি ২/৩৩)। ওয়ালটন মধ্যাঞ্চল: ৪৩৩/৯ ডি. ও ২৯ ওভারে ৯৩/৬ (আসিফ ২, শামসুর ৯, আশরাফুল ০, মার্শাল ০, মেহরাব ০, মোশাররফ ১৬, মাহমুদউল্লাহ ৫০*, নুরুল ১১*; রবিউল ৫/১৭, রুবেল ০/৪, সোহাগ ১/৩৬, জিয়াউর ০/৯, মুরাদ ০/২৬)।ফল: ড্র।ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।