মিরপুরে আজ ভারত-পাকিস্তান 'আগুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লার নির্জনতা আর শীতলতা ছেড়ে এশিয়া কাপ আজ ফিরছে বাংলাদেশের ক্রিকেটের সদরবাড়ি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আজ এখানে নিশ্চিত করেই নির্জনতা অভিধানের অচেনা শব্দ, ক্রিকেট আবারও উষ্ণ আকর্ষণ। আরে মিরপুর পর্বের প্রথম ম্যাচটির পুরো শরীরই তো গনগনে আগুনের চুল্লি! একদিকে ভারত, উল্টো দিকে পাকিস্তান। ক্রিকেটের শাশ্বত ‘ডার্বি’। এই ম্যাচটির দিকে চোখ থাকবে গোটা ক্রিকেট পৃথিবীর। কত মিথ এই ম্যাচকে ঘিরে!
ভারত-পাকিস্তান ম্যাচ সেই আদি যুগ থেকেই ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। দুই দেশের ১২৬তম ম্যাচে এসেও পরিচয়টা বদলাচ্ছে না। বরং বর্তমান প্রেক্ষাপটে তা যেন আরও বেশি প্রযোজ্য সত্য। আরও কত কত লড়াইয়ের উপাদান যে এ ম্যাচে জড়িয়ে! ভারতের দুর্ধর্ষ টপ অর্ডার ব্যাটিং বনাম পাকিস্তানের ইদানীংকালের নড়বড়ে টপ অর্ডার। পাকিস্তানের আগুনে পেস বোলিং বনাম ভারতের নিরীহ পেস। পাকিস্তানের রহস্যময় স্পিন বনাম ভারতের অনুমেয় স্পিন। ভারতীয়দের ক্ষিপ্র রানিং বিটুইন দ্য উইকেট বনাম পাকিস্তানিদের মন্থর রানিং বিটুইন দ্য উইকেট। পাকিস্তানের ‘বুলস আই’ ডেথ বোলিং বনাম ভারতের দানশীল ডেথ বোলিং। ভারতের ধারালো ফিল্ডিং বনাম পাকিস্তানের জড়তাগ্রস্ত ফিল্ডিং। পাকিস্তানের দেশজ কোচিং স্টাফ বনাম ভারতের বিদেশি কোচিং স্টাফ। এবং সব শেষে মিসবাহ-উল-হকের অভিজ্ঞতাপুষ্ট অধিনায়কত্বের সঙ্গে নবীন বিরাট কোহলির পরীক্ষা। জহির আব্বাস অধিনায়কত্বের জায়গাটিতেই এগিয়ে রাখছেন পাকিস্তানকে। মহেন্দ্র সিং ধোনিকে না-পাওয়াটা তাঁর চোখে ভারতের মস্ত ক্ষতি।
কিন্তু কে জিতবে আজকের এই মহারণে? রকেট সায়েন্সের নতুন সূত্র আবিষ্কারের মতোই ‘ইউরেকা’ ধ্বনি জহির আব্বাসের কণ্ঠে, ‘এটা হবে রুদ্ধশ্বাস এক ম্যাচ। যারা ভালো করবে তারাই জিতবে!’ পাকিস্তানের সাবেক অধিনায়ক নতুন করে কী বলবেন? পৃথিবীর প্রতিটি প্রান্তের ক্রিকেট রোমান্টিকদের এটা জানা যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পূর্বানুমান খাটে না। এক দিনের ক্রিকেট বলে তো এটি আরও সত্য। দলের সঙ্গে জহির আব্বাস সম্পৃক্ত হওয়ায় একটা বিষয় অবশ্য পরিষ্কার। পাকিস্তান ম্যাচটি জিততে মরিয়া। বাংলাদেশ থেকে টানা দ্বিতীয় এবং তৃতীয় এশিয়া কাপ শিরোপাটাও নিয়ে যেতে চায়।
পাকিস্তান দুই ম্যাচের একটি জিতেছে বোনাস পয়েন্ট নিয়ে। ভারতের খাতায়ও একটি জয়, তবে বোনাস পয়েন্ট নেই। দুই দলকেই পরাজয়ের স্বাদ দিয়েছে অভিন্ন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মাসাধিককাল বাংলাদেশের জল-হাওয়া গায়ে মাখা শ্রীলঙ্কাকে অনেকে ফাইনালে একটা আসন দিয়েই রেখেছে। অন্য ফাইনালিস্টকে পাওয়া যেতে পারে আজকের ম্যাচেই। আরেক অর্থে এটি তাই ‘সেমিফাইনাল’। জহির আব্বাসও ভাবছেন তেমনটাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োজিত প্রধান ক্রিকেট পরামর্শক তিনি। কাঁধে চেপেছে ব্যাটিং পরামর্শকের বাড়তি দায়িত্ব। ১৯৮৮ এশিয়া কাপে ছিলেন খেলোয়াড়। ২৬ বছর পর বাংলাদেশে আরেকটা এশিয়া কাপে তিনি উত্তরসূরিদের ব্যাটিং পরামর্শক। যেটি পাকিস্তানের জন্য এশিয়া কাপ খেলা সাবেকদের সম্মিলনীও। প্রধান কোচ মঈন খান তো ২০০০ সালের বাংলাদেশ এশিয়া কাপজয়ী প্রথম অধিনায়ক। ১৯৮৮ এশিয়া কাপে খেলা আরেক ব্যাটসম্যান শোয়েব মোহাম্মদ তাঁর সঙ্গে এই দলটির ফিল্ডিং কোচ। এশিয়া কাপ তো আর বিশ্বকাপ নয় যে ভারতের বিপক্ষে
পরাজয়ই কেবল নিয়তি। পাকিস্তান এখানে ভারতকে হারাতে পারে, সর্বোচ্চ সাফল্যও তাদের হাতে ওঠে। সুতরাং ভারতকে ‘দেখিয়ে
দেওয়ার’ একটা অন্য তাড়না থাকে। সম্প্রতি আইসিসিতে কূটকৌশলে ভারতের জমিদারি পত্তন পাকিস্তানিদের জ্বলুনি আরেকটু বাড়াতেই পারে।
আগের দিন কঠিন অনুশীলন। কালও তা-ই। পাকিস্তান দল এ ম্যাচটির জন্য মাঠেই প্রস্তুতি নিয়েছে দুই দিন ধরে। দৃশ্যমানভাবে ভারত তা নয়। প্রস্তুতি যদি তাদের থাকে সেটি হোটেলের জিমে এবং মনের মধ্যে। ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও পেসার বরুন অ্যারনকে নিয়ে কাল ঐচ্ছিক অনুশীলনে এলেন বোলিং কোচ জো ডয়েস। এ দিয়ে অবশ্য ভারতের প্রস্তুতিকে বিচার করার কিছু নেই। বরং পাকিস্তান দলের অনুশীলনই চোখ টানল বেশি। মঈন খান তিন ব্যাটসম্যান মিসবাহ-উল-হক, আহমেদ শেহজাদ, শারজিল খানকে নেট করালেন। একা উমর আকমলকে নিয়ে ছুটলেন ইনডোরে। আর একটা ছবি ছিল দ্রষ্টব্য। কিউরেটর গামিনি ডি সিলভার প্রায় গলাগলি ধরে তাঁকে কী যেন বোঝালেন ‘বার্থডে বয়’ শহীদ আফ্রিদি। কী কথা তাঁর সনে? রানভরা উইকেট চান, নাকি টার্ন ও বাউন্স ভরা উইকেট? উঁকি দেয় কি গত এশিয়া কাপের স্মৃতি? যেখানে পাকিস্তানের ৩২৯ রানও টেকেনি বিরাট কোহলির দানবীয় ১৮৩-র কাছে।
তবে আজ ভারত-পাকিস্তান যা-ই করুক, বাংলাদেশের কিছু এসে-যাবে না! বাংলাদেশ আজ শুধুই দর্শক।
তাঁরা দুজন
রবীন্দ্র জাদেজা
প্রথম শ্রেণীর ক্রিকেটে তিন-তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট তাঁকে অলরাউন্ডার পরিচয়ে পেয়েছে খুব কমই। তবে বল হাতে পারফরম্যান্সেই ভারতীয় দলে হয়ে উঠেছেন অপরিহার্য। গত কিছুদিনের পারফরম্যান্সে ভারতের এক নম্বর স্পিনার। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে উইকেট না পেলেও রান আটকেছেন, পরের ম্যাচে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেটও নিয়েছেন ৩টি। আজ ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচটিও নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন!
সাঈদ আজমল
আর সব দলের বিপক্ষে যেমন, স্পিনে দক্ষ ভারতের বিপক্ষেও দারুণ সফল এই অফ স্পিনার। ৯ ওয়ানডেতে একবার ৫ উইকেটসহ নিয়েছেন ১৮ উইকেট, রান দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৪.১৪। তবে বিশ্বের সব ব্যাটসম্যানের মধ্যে আজমলকে সবচেয়ে ভালো পড়তে পারেন সম্ভবত বিরাট কোহলি। এই ভারতীয় দলের ব্যাটিং মেরুদণ্ডও কোহলি। আজ কোহলি-আজমল লড়াইয়ে জয়-পরাজয় বড় ভূমিকা রাখবে ম্যাচের ফলেও।