মিরপুরে এনামুল-ঘূর্ণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ ছেড়ে আসার সময় বলটা উঁচিয়ে ধরে দেখাচ্ছিলেন সবাইকে। এই সেই বল, যা সোনা ফলাল। আর দেওয়া হলো বঞ্চনার জবাব?জাতীয় দল থেকে দীর্ঘ নির্বাসনও এনামুল জুনিয়রের বাঁহাতি স্পিনে একটুও মরচে ধরাতে পারেনি। প্রমাণ মিলল আরও একবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ৪৫ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের প্রথম ইনিংস ১৪৭ রানে শেষ করে দেওয়ার প্রায় সব কৃতিত্বই তাঁর। ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসের রান ৩ উইকেটে ৮৮। প্রথম ইনিংসের ৫২ রানের লিডসহ ‘এ’ দল এখন এগিয়ে ১৪০ রানে।হরতালের কারণে পরশু খেলা হয়নি। এক দিন বিরতি নিয়ে চার দিনের ম্যাচটা এখন তাই পাঁচ দিনের। দ্বিতীয় দিন শেষে যা পরিস্থিতি, তাতে এ ম্যাচে ফলাফল না হওয়াটাই অস্বাভাবিক। ম্যাচটাকে এ রকম এক মোড়ে এনে দেওয়ার কাজটা হয়েছে এনামুল-ঘূর্ণিতে। তবে শুধু এনামুলই নন, বাংলাদেশ ‘এ’ দলের সব স্পিনারই কমবেশি ঝামেলায় ফেলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। উইকেটগুলোও ভাগাভাগি করে নিয়েছেন তাঁরাই। এনামুল ৭ উইকেট, আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব নিয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি নাঈম ইসলামের।দলের ৩৮ রানের সময় ওপেনার ট্রেভর গ্রিফিথকে ফরহাদ হোসেনের ক্যাচ বানিয়ে ক্যারিবীয় ইনিংসের ধস নামানোর শুরু এনামুলের হাত ধরে। ফ্লেচার-বার্কলের দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ রান এলেও এরপর মাত্র ১৯ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল হারায় ৫ উইকেট। সাকলাইন আর নাঈমের উইকেটগুলো আসে এ সময়ই। বাকি ২ উইকেট নেন এনামুল। সফরকারী দলের শেষ ৪ উইকেট পড়েছে মাত্র ৩১ রানের ব্যবধানে, এই ৪ উইকেটও গেছে এনামুলের অধিকারে।প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার ইমরুল কায়েস ও নাসিরুদ্দিন ফারুক। দলের ২১ রানে বিদায় নিয়েছেন দুজনই, এরপর ৫৭ রানের সময় মমিনুলও। তবে অধিনায়ক রকিবুল হাসান আর নাঈম ইসলাম যেন আউট না হওয়ার পণ করেই নেমেছিলেন। দিন শেষে দুজনই অপরাজিত। রকিবুল ২১ রানে অপরাজিত ১১১ বল খেলে, নাঈম অপরাজিত ১৩ রানে, ৮৪ বলে।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ‘এ’: ১৯৯ ও ৪৬ ওভারে ৮৮/৩ (ইমরুল ১৩, নাসিরুদ্দিন ৬, রকিবুল ২১*, মমিনুল ২৭, নাঈম ১৩*; পেরমল ১/১৩, ব্রাফেট ১/১৪, ওয়ারিকেন ১/৩৫)। ওয়েস্ট ইন্ডিজ এইচপি ১ম ইনিংস: ৪৩.৫ ওভারে ১৪৭ (ফ্লেচার ৫১, বার্কলে ২২, পারমল ১৬, ব্রাফেট ১৩; নাজমুল ০/২৩, শাহাদাত ০/২৩, এনামুল জুনিয়র ৭/৪৫, সাকলাইন ২/৪৩, নাঈম ১/৪)।