মিরপুরে ক্রিকেট প্রহসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কর্মকর্তাদের রাজনীতিতে কলঙ্কিত হলো ক্রিকেট। ভিক্টোরিয়া মোহাম্মদ ইউসুফকে ‘অবৈধভাবে’ খেলিয়েছে—এ অভিযোগে ম্যাচের প্রথম ইনিংস শেষে খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী। দীর্ঘ নাটকের পর লিগের বাইলজ অনুযায়ী ভিক্টোরিয়াকে ২ পয়েন্ট দেওয়ার ঘোষণা দিয়ে সে নাটকের ইতি টেনেছেন ম্যাচ রেফারি। সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে প্রিমিয়ার লিগ।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে আবাহনী ৪৭.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৭৭ রানে। এর মধ্যেও আলো ছড়িয়েছেন আনামুল হক। ১১টি বাউন্ডারিতে ১৪৪ বলে করেছেন ঠিক ১০০ রান। আবাহনী পয়েন্ট না পেলেও ভালো খেলার পুরস্কার তিনি পাবেন। সিসিডিএমের সদস্যসচিব ইকবাল ইউসুফ জানিয়েছেন, ভিক্টোরিয়ার ২ পয়েন্ট ছাড়া এই ম্যাচ থেকে লিগের পরিসংখ্যানে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই যোগ হবে।মাঠে ব্যাটসম্যানরা ধুঁকছিলেন আর মাঠের বাইরে বিসিবি অফিসে বসে ফুঁসছিলেন আবাহনীর কর্মকর্তারা। ক্লাবের ওপর মহল থেকেও নাকি ফোন আসছিল, ‘মোহামেডানের খেলোয়াড়’ মোহাম্মদ ইউসুফ ভিক্টোরিয়ার হয়ে কীভাবে খেলেন? পাকিস্তানি এই ব্যাটসম্যানকে ঘিরেই কালকের নাটক। চলতি লিগে ভিক্টোরিয়ার হয়ে খেলার জন্য গত পরশু সিসিডিএমে নাম নিবন্ধন করান ইউসুফ। গতবার মোহামেডানে খেললেও মোহামেডান থেকে তাঁকে দেওয়া ছাড়পত্রের অনুলিপি সিসিডিএমের কাছে জমা দেয় ভিক্টোরিয়া। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্যাডে দেওয়া চিঠিটির তারিখ ১৫.০১.২০১১, যাতে মোহামেডানের ক্রিকেট কমিটির ওই সময়ের চেয়ারম্যান লুৎফর রহমানের স্বাক্ষর আছে। লুৎফর রহমান বর্তমানে ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিলের প্রধান।তবে পরশুই মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া সিসিডিএমকে পাঠানো আরেকটি চিঠিতে দাবি করেন, মোহামেডান ইউসুফকে ছাড়পত্র দেয়নি। ওই চিঠির ভিত্তিতেই কাল প্রথম ইনিংস শেষে ভিক্টোরিয়ার খেলোয়াড় হিসেবে ইউসুফের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবাহনীও একটি চিঠি দেয় ম্যাচ রেফারি ওবায়দুল হককে। চিঠিতে জানানো হয়, ইউসুফের বৈধতা প্রমাণিত না হলে ম্যাচের বাকি অংশ খেলবে না আবাহনী। ততক্ষণে দ্বিতীয় ইনিংস শুরুর সময় হয়ে গেছে। আম্পায়াররা নেমে পড়েছেন মাঠে। ভিক্টোরিয়ার দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকারও প্যাড-হেলমেট পরে ব্যাট হাতে উইকেটে। কিন্তু আবাহনীর ড্রেসিংরুম থেকে কেউ বের হলো না।দুপুর থেকে এভাবেই চলতে থাকে বিকেল পর্যন্ত। তামিম-সৌম্য একবার উইকেটে গিয়ে দাঁড়ান তো আরেকবার ড্রেসিংরুমের দিকে হেঁটে আসেন। একপর্যায়ে আম্পায়ারদের অনুমতিক্রমে মাঠেই বসে পড়েন চেয়ারে। আম্পায়াররাও তিতিবিরক্ত হয়ে কখনো মাঠে, কখনো মাঠের বাইরে। খেলা আর শুরু হয় না। সবাই অপেক্ষার প্রহর গুনতে থাকে, কখন ম্যাচ রেফারি শোনাবেন তাঁর ‘রায়’।খেলা আসলে তখন চলছিল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর রুম এবং পার্শ্ববর্তী অতিথিকক্ষে। এটাও একটা বিস্ময়! ভিক্টোরিয়ার সবকিছু ড্রেসিংরুমকেন্দ্রিক থাকলেও আবাহনী ব্যস্ত করে তুলেছিল পুরো বিসিবিকেই। আবাহনীর দুই কর্মকর্তা ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন ও জালাল ইউনুস সেখানে বসেই সলাপরামর্শ করেছেন দলের অন্য কর্মকর্তাদের সঙ্গে। কোচ-অধিনায়কদের ডেকে আনা হচ্ছিল। ধরনা দিতে হচ্ছিল ম্যাচ রেফারিকেও। এমনকি আবাহনীর দুই কর্মকর্তা মল্লিক ও এম এ আউয়াল যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংটি করলেন, সেটাও বিসিবির অভ্যর্থনাকক্ষে! মল্লিক বলেন, ‘সিসিডিএমের বিগত দিনের অনেক কার্যকলাপের প্রতিবাদ করেছি আমরা। আজও (গতকাল) প্রতিবাদস্বরূপ বলেছি, বৈধতার প্রমাণ দেখাতে না পারলে আমরা খেলায় অংশ নেব না।’ ১৭৭ রানে অলআউট হওয়ার পরই কেন মনে হলো প্রতিবাদ করা দরকার? মল্লিকের ব্যাখ্যা, ‘আমরা সকালেই সিইওর কাছে চিঠি দিয়ে বলেছি বিষয়টা স্পষ্ট করতে। তা ছাড়া তখনো আমরা মোহামেডানের চিঠি পাইনি।’লিগ জয়ের কোনো সম্ভাবনা নেই বলেই কিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান এখন একজোট। আবাহনীর পক্ষে দাঁড়াতে মিরপুরে ছুটে আসেন মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। সাংবাদিকদের তিনিও বলেন, ভিক্টোরিয়া যে ছাড়পত্র জমা দিয়েছে, সেটি মোহামেডানের দেওয়া নয়। এ চিঠিতে কোনো রেফারেন্স নাম্বার নেই। মোহামেডান ক্লাবেও এর কোনো কপি নেই। এ ধরনের অবৈধ কাজ মোহামেডান মেনে নিতে পারে না। এ ব্যাপারে সিসিডিএম ব্যবস্থা না নিলে মোহামেডান লিগের বাকি ম্যাচগুলো খেলবে না।’ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিল প্রধান লুৎফর রহমান অবশ্য দাবি করলেন, মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকাকালে এই ছাড়পত্র তিনিই দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমার কাছে মোহামেডানের অন্তত ২০টি চিঠি আছে, যাতে কোনো রেফারেন্স নাম্বার নেই। অবশ্যই এর অফিস কপি আছে। তারা যদি সেটা রেখে দিয়ে অস্বীকার করে তো আমার কিছু করার নেই।’নাটকের শেষ দৃশ্যে আসেন সিসিডিএমের সদস্যসচিব ইকবাল ইউসুফ। তিনি বলেন, ‘আমরা গতকাল (পরশু) লুৎফর রহমান বাদল স্বাক্ষরিত একটা ছাড়পত্র পাই। সে অনুযায়ী মোহাম্মদ ইউসুফকে খেলার অনুমতি দিই। এরপর মোহামেডান থেকে একটি চিঠি আসে যেন তার রেজিস্ট্রেশন না করানো হয়। কিন্তু ততক্ষণে আমরা অনুমতি দিয়ে দিয়েছি। সেটা মোহামেডানকে রাতেই চিঠি দিয়ে অবহিত করি। সকালে মোহামেডান আবার চিঠি দেয় অনুমতি বাতিলের জন্য। উদ্ভূত পরিস্থিতিতে যতক্ষণ না ইউসুফ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হচ্ছে, লিগ সাময়িকভাবে বন্ধ থাকবে।’ কিন্তু একজন খেলোয়াড়কে নিয়ে ঝামেলায় লিগই স্থগিত কেন? ‘সিসিডিএম চেয়ারম্যান দেশের বাইরে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চট্টগ্রামে। উনি পরশু (আগামীকাল) এলে ৩১ মার্চ সিসিডিএমের মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে’—ব্যাখ্যা সদস্যসচিবের।