মিরপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হঠাৎই যেন ফিরে এল বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি। ওপেনিংয়ে মেহরাব হোসেনের সঙ্গে সেলিম শাহেদের জুটি। শাহরিয়ার হোসেনের দুর্দান্ত ব্যাটিং। বল হাতে কখনো ধেয়ে আসছেন সাইফুল ইসলাম। কখনো নাঈমুর রহমানের হাত থেকে বেরিয়ে আসছে অফ স্পিনের ঘূর্ণি। এসব তো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্রিকেটেরই ছবি!মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে কাল এই ছবি উপহার দিল স্বাধীনতা দিবস ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকেন আন্তর্জাতিক অঙ্গনে। স্বাধীনতা দিবস বা বিজয় দিবস ক্রিকেটের মতো উৎসবে তাঁদের পাওয়া কঠিন। এই ‘সংকট’ই জন্ম দিল সাবেক ক্রিকেটারদের আবারও একমঞ্চে নিয়ে আসার পরিকল্পনা। ফ্লাডলাইটের আলোয় জ্বলে উঠলেন হারিয়ে যাওয়া তারকারা। ক্রিকেট সেখানে কেবলই উপলক্ষ মাত্র।সবুজ দলের অধিনায়ক এহসানুল হক অধিনায়কের মতোই খেললেন। দল করল ৮ উইকেটে ১২৯ রান। বয়সভিত্তিক দলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের ৩৩ বলে ৩৪ রানই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। খেলোয়াড় থেকে আম্পায়ার হয়ে যাওয়া এনামুল হকের ২০ বলে ২০ বা সানোয়ার হোসেনের ১৩ বলে ২০ রানের ছোট ইনিংসগুলোও ভূমিকা রাখল লড়াইয়ের সঞ্চয়ে। অন্যদিকে ৩৩ রানে ২ উইকেট নিয়ে কোচ খালেদ মাহমুদ বুঝিয়ে দিলেন তিনি এখনো মাঠেই আছেন।ব্যাট হাতে অবশ্য ইনিংসের প্রথম ওভারেই সানোয়ারের বলে এলবিডব্লু মাহমুদ। মাহমুদ-এহসানুলসহ সবাইকেই ছাড়িয়ে গেলেন যিনি, তাঁর নাম শাহরিয়ার হোসেন। জাতীয় দলের সাবেক এই ওপেনার এখন পুরোদস্তুর ব্যবসায়ী হলেও ব্যাটিংটা বোধ হয় রক্ত থেকে যায়নি। উল্টো কাল সন্ধ্যার পর থেকে হয়তো আফসোসই করছেন, খেলোয়াড়ি জীবনটা কেন টি-টোয়েন্টির এই স্বর্ণযুগে কাটালেন না! তিন ছক্কা আর এক ডজন বাউন্ডারিতে মাত্র ৪৮ বলে করেছেন অপরাজিত ৮৪ রান। তাঁর এই ইনিংসই ৪ ওভার ১ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতিয়ে দিয়েছে লাল দলকে।এই ক্রিকেট ম্যাচটা যখন স্বাধীনতার স্মরণে এবং সাবেক তারকাদের মিলনমেলা, তখন হার-জিত বড় নয়। সংবাদমাধ্যমের সামনে লাল দলের অধিনায়ক ও বর্তমানে বিসিবির অস্থায়ী কমিটির সদস্য নাঈমুর রহমানও বললেন সেটিই, ‘হার-জিত বড় কথা নয়। মূল উদ্দেশ্য হলো স্বাধীনতা দিবস ক্রিকেটের মাধ্যমে সাবেকদের আবার একসঙ্গে করা।’ পুরোনো সাথিদের সঙ্গে আবার একসঙ্গে খেলার এই সুযোগ সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক আকরাম খানকে করেছে রোমাঞ্চিত, ‘এ রকম একটা ম্যাচে খেলছি...আমি খুব এক্সাইটেড।’নাঈমুর-আকরামের অনুভূতি আসলে ছিল সবারই মনের কথা। স্বাধীনতার স্মরণে হলেও একটা সন্ধ্যা তো জীবন্ত করা গেল স্মৃতির অ্যালবামে!সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ সবুজ: ২০ ওভারে ১২৯/৮ (মেহরাব ১৮, শাহেদ ১৪, এহসানুল ৩৪, জামাল বাবু ১৩, এনামুল ২০, জাহাঙ্গীর ০, সানোয়ার ২০, সাব্বির ০, মিজানুর ২*, শফিউদ্দিন ১*; সাইফুল ০/১৩, আলমগীর ০/১১, হাসিবুল ১/৫, রফিক ১/১৯, খালেদ মাহমুদ ২/৩৩, আজহার ১/২০, নাঈমুর ১/২৫)।বাংলাদেশ লাল: ১৫.৫ ওভারে ১৩২/৩ (খালেদ মাহমুদ ২, শাহরিয়ার হোসেন ৮৪*, নাঈমুর ১৬, আকরাম ১১, মিনহাজুল আবেদীন ১৭*; মোরশেদ ১/১৩, মিজানুর ০/১৪, শফিউদ্দিন ১/৬, আনিসুর ০/২৯, মাহমুদুল ১/২৮, এনামুল ০/৭, জামাল বাবু ০/১৩, সানোয়ার ০/১১, মেহরাব ০/১১)।ফল: বাংলাদেশ লাল ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: শাহরিয়ার হোসেন।