
বিরাট কোহলিই তো সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম, তাই না?
‘কোহলি অবশ্যই ওদের কি-প্লেয়ার, কিন্তু বাকিদের কথাও ভুলে যাবেন না। রোহিত শর্মা, শিখর ধাওয়ান...এশিয়া কাপে কেমন পুরো টুর্নামেন্টে রান না করেও ফাইনালে ঠিকই মেরে দিল ধাওয়ান!’
মাশরাফি বিন মুর্তজার তাই শুধুই কোহলিকে নিয়ে ভাবলে চলছে না। ভাবছেনও না। সন্ধ্যায় টিম হোটেলে বাংলাদেশ অধিনায়ক ভারতকে হারানোর মন্ত্রটাও বলে দিলেন। সমস্যা হলো, মন্ত্রটা তিনি জানেন। কিন্তু তাঁর দল মাঠে তা ঠিকভাবে উচ্চারণ করতে পারবে কি না, সেই প্রশ্নের উত্তর মাশরাফির জানা নেই।
এই কদিন আগেই এশিয়া কাপে দুবার দেখা হয়েছে ধোনিদের সঙ্গে। দুবারই হারতে হয়েছে। যে ‘মন্ত্রের’ কথা বলা হচ্ছে, তা আসলে ওই দুটি ম্যাচ থেকে পাওয়া শিক্ষা। মাশরাফিকেই বলতে দিই, ‘আমাদের মাঠে যতটুকু ভালো খেলেছি, এখানে ভারতকে হারাতে তার চেয়েও ভালো খেলতে হবে। নিজেদের মাঠে ওদের আমরা ওয়ানডেতে হারালেও টি-টোয়েন্টিতে কিন্তু এখনো হারাতে পারিনি। নিজেদের মাঠেই যখন পারিনি, এখানে তো আরও কঠিন।’
কঠিন, কিন্তু অসম্ভব নয়। টি-টোয়েন্টি নিয়ে একটা কথা সাকিব আল হাসানের খুব প্রিয়, ‘এই ফরম্যাটে অসম্ভব বলে কিছু নেই।’ কাল দুপুরে সংবাদ সম্মেলনে সাকিবের আগে আশিস নেহরাও একই কথা বলে গেলেন। বাংলাদেশকে প্রশংসায়ও ভরিয়ে দিলেন, ‘ওরা এশিয়া কাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়েছে। গত তিন-চার বছর যেভাবে খেলছে, অ্যামেজিং! ওদের ভালো খেলাটা বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো।’
শুনতে শুনতে একটু অবাকই লাগছিল। কোথায় যুদ্ধের ডঙ্কা? কোথায়-ইবা ‘মাঠে দেখিয়ে দেব’ হুংকার? মেলবোর্নে বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালের পর থেকেই ভারতের মুখোমুখি হলেই যা বেজে ওঠে বাংলাদেশে! পুরো দেশ টেনে আনাটা একদমই ঠিক হলো না। ওসব ডঙ্কা-হুংকার সবই তো সামাজিক যোগাযোগমাধ্যমে। নেহরাকে ওসব স্পর্শই করে না। ওসব থেকে যে শত হস্ত দূরে থাকেন। নিজেই বলছেন, ‘ভাই, আমি পুরোনো যুগের মানুষ। হাতে এখনো সেই পুরোনো নকিয়া ফোনসেট। ফেসবুক ব্যবহার করি না, টুইটারও নেই। সংবাদপত্রও পড়ি না।’
বয়সের সঙ্গে সঙ্গে নেহরার চেহারা-ছবিতেও একটা শান্ত-সৌম্য ভাব চলে এসেছে। শান্তির দূত হিসেবে তাঁকে খুব মানায়। শান্তিদূতের প্রয়োজনীয়তাটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। কারণ, সাকিব মিনিট দশেক পরই বললেন, ‘আমার মনে হয় না কোনো প্লেয়ার ওভাবে চিন্তা করে। আমাদের দলের কেউ তো করেই না, ভারতীয় দলেরও কেউ করে না বলেই আমার ধারণা। এসব সোশ্যাল মিডিয়ার সৃষ্টি।’
অর্থাৎ বাংলাদেশ-ভারত মানে অন্য কিছু নয়। ক্রিকেটটাই আসল। তা সেটি কী বলে? দুই দল থেকেই অভিন্ন যে ধারণা পাওয়া গেল, সেটা আগে বলে নিই। টসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। চিন্নাস্বামী স্টেডিয়ামে রান তাড়া করা মানেই জেতা মোটামুটি নিশ্চিত হয়ে গেল। তা-ই যদি হয়, তাহলে তো বাংলাদেশের মহাবিপদ! মাশরাফি বিন মুর্তজার সঙ্গে টসভাগ্য যে বিষম আড়ি দিয়ে বসেছে। টানা আটটি ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ক যা বলেছে, তা-ই করতে হয়েছে।
তবে ব্যাপারটা নিশ্চয়ই এমন নয় যে পরে ব্যাটিং করলেই হলো, ভারত দুই শ-টুই শ করে ফেললেও বাংলাদেশ তা করে ফেলবে। প্রথমে ব্যাটিং করেও তো বাংলাদেশ কখনো তা করতে পারেনি। সমস্যা হলো, এই মাঠে ‘পার স্কোর’ই নাকি ১৮০-১৯০! তা অবশ্য চিন্নাস্বামীর চিরন্তন উইকেট হলে। ভারতের দুটি ম্যাচেই উইকেট যেভাবে স্পিনারদের হাতে পুতুলনাচ নেচেছে, তাতে বড় একটা কৌতূহল থাকছেই। আজও কি যাকে বলে ‘স্কয়ার টার্নার’, নাগপুরে-কলকাতায় যেমন ছিল?
তাতে অন্য পেসারদের সমস্যা হলে হতে পারে, মুস্তাফিজের কোনো সমস্যা নেই। বরং উইকেটে বল একটু ধরলে তাঁর মায়াবী কাটার আরও দুর্বোধ্য হয়ে ওঠে। নেহরা নিজেও বাঁহাতি পেসার। মুস্তাফিজের স্লোয়ার বলকে তাঁর মনে হয় ‘ঈশ্বর প্রদত্ত উপহার’। মজা করে এটাও বললেন, ভালো হয়েছে, আইপিএলে মুস্তাফিজ তাঁর দলেই খেলবেন।
এই ভারতের বিপক্ষেই বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের হইচই ফেলে দেওয়া আবির্ভাব। গত বছরের ওই ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচই খেলেছেন। গত এশিয়া কাপে। সেটিতে তেমন কিছু করতে পারেননি মানে এই নয় যে ভারতীয় ব্যাটসম্যানরা তাঁর রহস্য ভেদ করে ফেলেছেন। এশিয়া কাপের উইকেটে ছিল ঘাসের আচ্ছাদন, যেখানে পড়ে বল পিছলে যায়। মুস্তাফিজের জাদু দেখানোর জন্য উপযুক্ত মঞ্চ ওটি নয়। চিন্নাস্বামী বরং কাছাকাছি। যেটির প্রমাণ অস্ট্রেলিয়ার ম্যাচে ভালোই দিয়েছেন।
মুস্তাফিজের আগে বাংলাদেশের আরেক ক্রিকেটারও বিশ্ব ক্রিকেটে আগমনী বার্তা শুনিয়েছিলেন এই ভারতের বিপক্ষেই। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে তামিম ইকবালের ওই বিধ্বংসী ইনিংস বাংলাদেশের ক্রিকেটে চিরন্তন এক রূপকথা হয়ে আছে। ভারতীয় ক্রিকেটে দুঃস্বপ্নের এক অধ্যায়ও। ৫০ ওভারের বলুন বা ২০ ওভারের, বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের এখনো ওই একটাই জয়। সেই তামিমকে আজ পাবে তো বাংলাদেশ?
কাল রাত পর্যন্তও নিশ্চিত বলা যাচ্ছিল না। আগের চেয়ে অবস্থা ভালো। তবে খাদ্যে বিষক্রিয়ার অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া দুর্বলতা তখনো পুরোপুরি যায়নি। সন্ধ্যায় ফোনে কথা বলে মনে হলো, যেভাবেই হোক শেষ পর্যন্ত বোধ হয় খেলবেনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারার যে যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে, সেটি আর বাড়াতে চান না। ‘অস্ট্রেলিয়ার যখন বাংলাদেশে আসার কথা ছিল, সেটিতে খেলব বলে আমি পায়ে জরুরি অস্ত্রোপচারটা পর্যন্ত স্থগিত রেখেছিলাম। অথচ বিশ্বকাপে ওদের সঙ্গে খেলতে পারলাম না। এই দুঃখ কোনো দিন যাবে না’—বলার সময় দুঃখটা তামিমের কণ্ঠেই ফুটে উঠছিল।
দলের সঙ্গে মাঠে গিয়েছিলেন। মাঠে এক চক্কর দিতে গিয়ে দেখেন, মাথাই চক্কর দিচ্ছে। ব্যাট হাতে নিয়ে নাকি সেটি চার কেজি ওজন মনে হয়েছে। বাংলাদেশের ইনিংসটা দেখে হোটেলে ফিরে এসেছেন। শুয়ে শুয়ে টিভিতে একাই দেখেছেন খেলা। এই অভিজ্ঞতা তামিমের আগে কখনো হয়নি।
টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর অভিজ্ঞতাও যেমন হয়নি বাংলাদেশের। মিরপুরেই যা পারা যায়নি, চিন্নাস্বামীতে কি তা সম্ভব?
সাকিব আল হাসানের কথা দিয়েই শেষ করি, ‘টি-টোয়েন্টিতে অসম্ভব বলে কিছু নেই।’