মিরপুরেই জাতীয় লিগের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। সেখানেই ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর প্রথম দুটি ওয়ানডের পর আবার ঢাকায় ফিরবে সিরিজ। তবে মাঝের এই সময়টাতেও ক্রিকেট চলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আজ থেকে শুরু জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহী ও ঢাকা মহানগর দল মুখোমুখি হবে এ মাঠে।আন্তর্জাতিক সিরিজ চলাকালে ওই সিরিজের ভেন্যুতেই অন্য কোনো ম্যাচ আয়োজন করা যায় কি না, মিরপুরে আজ থেকে জাতীয় লিগের ম্যাচ দেওয়ায় সেই প্রশ্ন উঠেছে। তবে বিসিবির টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক হাফিজুর রহমান জোয়ার্দার জানিয়েছেন, আইসিসি এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ রেফারি ডেভিড বুনের অনুমতি নিয়েই মিরপুরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত, ‘ওয়ানডে হলে হয়তো অনুমতি পাওয়া যেত না। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করে তাঁরা জাতীয় লিগের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন।’খুলনা-সিলেটের ম্যাচ রংপুর ক্রিকেট গার্ডেনে। ২৬ ও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ এই দুই দলের লড়াইয়ের মধ্যে আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়রের আরেকটা লড়াইও আছে। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৩৮ উইকেট নিয়ে খুলনার রাজ্জাক আছেন সবার ওপরে। দ্বিতীয় স্থানে সিলেটের এনামুল (৩০)। এই পর্বের অন্য দুই ম্যাচে চট্টগ্রাম ও ঢাকা বিভাগীয় দল খেলবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে রংপুর-বরিশালের ম্যাচ।