মিরপুরেই ম্যাচ খেলতে চেয়েছিল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন থেকে ইনডোরে গিয়েই দেখা পেয়ে গেলেন কিউরেটর গামিনি ডি সিলভার। কুশল বিনিময়ের পর মাঠ প্রসঙ্গেও কথা হলো সম্ভবত। দূর থেকে আলোচনার বিষয়টা ঠিক বোঝা গেল না। তবে একটু আগের সংবাদ সম্মেলনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নিয়ে যে কথা বলে এলেন ড্যারেন স্যামি, অনুমানের কারণ সেটাই।ঢাকায় আসার পর প্রথম দুই দিন হোটেলে কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল কালই প্রথম মাঠে গেছে। গত দুই বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসা স্যামি শেরেবাংলা স্টেডিয়াম দেখে হয়তো একটু ধাক্কাই খেয়েছেন। বাংলাদেশের কন্ডিশনকে পরিচিত বললেও সংবাদ সম্মেলনে স্বীকার করে গেছেন, এবার মিরপুর স্টেডিয়ামের আউটফিল্ড তাঁর কাছে নতুন লাগছে।পুরোনো ঘাস বাছাই আর নতুন ঘাস লাগানোর পর স্টেডিয়ামের আউটফিল্ড এখন বাংলাদেশের ক্রিকেটারদের কাছেই নতুন, স্যামিরা তো এসেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে! দুই দিন পর পর নতুন করে ঘাস ওঠানো-লাগানো চলছে বলে আগের গাঢ় সবুজ ভাবটা আপাতত নেই। নানা জাত আর আকারের ঘাস মিলে মাঠের সবুজ কোথাও কম কোথাও বেশি। দূর থেকে কোনো কোনো জায়গা ধূসরও মনে হয়। আগের তুলনায় তারতম্য দেখা যাচ্ছে আধুনিক পানি নিষ্কাশনব্যবস্থার কার্যকারিতায়ও। আগে এক বেলা বৃষ্টি হলেও যেখানে ঘণ্টা খানেকের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে উঠত, সেখানে কাল সারা দিনের রোদেও সেটা পুরোপুরি শুকায়নি। হাঁটতে গিয়ে ৩০ গজের বাইরে অনেক জায়গাতেই দেবে যাচ্ছিল পা। মাঠকর্মীদের দেখা গেছে বালু ছিটাতে।তবে মাঠের এ অবস্থা ১৩ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট নিয়ে কোনো শঙ্কা তৈরি করছে না। আগামী কয়েক দিন আবহাওয়া ভালো থাকলে সব ঠিক হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দল এ নিয়ে চিন্তাও করছে না। তারা বরং অদ্ভুত এক প্রস্তাবই দিয়েছে কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে। বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির তিন দিনের প্রস্তুতি ম্যাচটা হচ্ছে না বলে কাল থেকে মিরপুরেই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। খুব ব্যতিক্রম কিছু না ঘটলে টেস্ট ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ না হওয়াই প্রথা। সংগত কারণেই সফরকারী দলের ইচ্ছা পূরণ হচ্ছে না।তবে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আজ কোচ ওটিস গিবসন তাঁর সহকারীকে নিয়ে বিসিবির প্রতিনিধিদের সঙ্গে বিকেএসপির মাঠ দেখতে যাবেন। মাঠের অবস্থা ভালো হলে কাল থেকে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা সেখানেই। ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট সদস্যদের অবশ্য মাঠ দেখতে যাওয়ার কথা ছিল কালই। রওনাও দিয়েছিলেন তাঁরা, কিন্তু কিছুদূর গিয়ে রাস্তায় যানজট দেখে ফিরে এসেছেন। যানজটে পড়ে ঢাকায় ফিরতে দেরি হলে যে ধরা যেত না শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরের অনুশীলনটাই!ওয়েস্ট ইন্ডিজ দল তো তাও কাল অনুশীলন শুরু করতে পেরেছে, বাংলাদেশের প্রাথমিক দলের ২২ খেলোয়াড় তো একসঙ্গে হবেনই আজ! জাতীয় লিগ খেলে ফেরাদের মধ্যে যাঁদের ঢাকায় বাসস্থান নেই তাঁরা কাল উঠেছেন মিরপুরের একাডেমি ভবনে। অন্যরা চলে গেছেন যাঁর যাঁর বাসায়। আজ সকালে ভারপ্রাপ্ত কোচ শেন জার্গেনসেনের তত্ত্বাবধানে এই ২২ জনের অনুশীলন শুরু হবে একাডেমি মাঠে। তবে কাল থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হলে বিসিবি একাদশের ১২ জনের আজ বিকেলেই চলে যাওয়ার কথা বিকেএসপিতে। বাকিদের অনুশীলন চলবে ঢাকায়। আর যদি কোনো কারণে দুই দিনের প্রস্তুতি ম্যাচটাও না হয়, কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথা কাল থেকে শুরু জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে।