মিরাজ, চট্টগ্রাম—দুই পক্ষেরই দোষ দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’ পেছনে ফেলে আজ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে এত সহজে বিষয়টি শেষ হচ্ছে না। ঘটনাটি বিসিবি পর্যন্ত চলে যাওয়ায় এটি নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল।
মিরাজ–নাটকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দোষ দেখছেন সোহেল। তবে মিরাজেরও টিম হোটেল ছাড়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি। তাই দুই পক্ষেরই শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে শেখ সোহেল বলেছেন, ‘ঘটনাটা আমরা গতকাল শুনেছি। কাল আমরা আলাপ-আলোচনা করেছি। আমি ছিলাম, মল্লিক ভাই ছিল, সিইও ছিল। সবার সঙ্গে কথা বলার পর আমরা যেটা দেখেছি যে মিরাজেরও এখানে দোষ আছে, ম্যানেজমেন্টেরও দোষ আছে।’
মিরাজের প্রতিক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে শেখ সোহেল এ ব্যাপারে বলেন, ‘এত বড় মাপের খেলোয়াড় হয়ে, জাতীয় দলের খেলোয়াড় হয়ে এই টুর্নামেন্টের ভেতরে মিরাজের এই ভূমিকা ঠিক ছিল না। তার অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা ডিসিপ্লিনারি কমিটি ছিলাম, সে একটু অপেক্ষা করতে পারত।’
মিরাজ-বিতর্কে ফ্র্যাঞ্চাইজির ভূমিকা আরও পেশাদার হতে পারত বলে মনে করছে বিসিবি। তাই দুই পক্ষকে শুনানিতে ডাকার কথা জানিয়ে শেখ সোহেল বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিরও এখানে সমস্যা আছে। ফ্র্যাঞ্চাইজিকেও ছাড় দেব না। শুনানি হবে কিছুদিনের মধ্যে। দুই পক্ষকে নিয়ে আমরা শুনানি করব। এখানে ফ্র্যাঞ্চাইজিরও ধৈর্য ধরা উচিত ছিল। নিজেরা আলাপ করে দুই পক্ষই বোঝাপড়ায় আসতে পারত। এটা এত বড় পর্যায়ে যাওয়ার জিনিস ছিল না।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানোর খবর জানানো হয়। দলটির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম অধিনায়কত্ব–বদলের ব্যাপারে জানিয়েছেন, কাউন্টি দল লেস্টারশায়ারের ডাকে দেশে ফিরে যাওয়ার আগে কোচ পল নিক্সন বলে গেছেন, মিরাজকে ‘চাপমুক্ত’ হয়ে খেলার জন্য তাঁকে যেন নেতৃত্ব থেকে মুক্তি দেওয়া হয়। সে ম্যাচে মিরাজের জায়গায় অধিনায়কত্ব করেন নাঈম ইসলাম।
ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত সহজভাবে নিতে পারেননি মিরাজ। সিলেটের বিপক্ষে সেই ম্যাচে খেললেও ক্ষোভ ও অপমানে চট্টগ্রামের টিম হোটেল ছেড়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা মিরাজকে বুঝিয়ে তাঁকে হোটেলে ফিরিয়ে আনেন। পরে প্রায় দুই ঘণ্টার সভা শেষ মিরাজ ও ফ্র্যাঞ্চাইজির মালিক কে এম রিফাতউজ্জামান জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে যা হয়েছে, তা ভুল-বোঝাবুঝি। নিজেদের মধ্যে আলোচনায় সে ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। তবে বিসিবির অবস্থানে মনে হচ্ছে, এখনো নাটকের সমাপ্তি ঘটেনি।