মিরান্ডেস-রূপকথা চলছেই
কোপা ডেল রেতে রূপকথা লিখেই চলেছে মিরান্ডেস। লা লিগার দল এসপানিওলকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে তৃতীয় বিভাগের দলটি। স্প্যানিশ ফুটবল ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার কোপার সেমিফাইনালে উঠল তৃতীয় বিভাগের কোনো দল।কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জিতে এগিয়ে ছিল এসপানিওলই। কিন্তু পরশু ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও মিরান্ডেস জিতেছে ২-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ফল হয় ৪-৪। কিন্তু অ্যাওয়ে গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে মাত্র ১২ লাখ ইউরো বাজেটের দলটি।মিরান্ডেস ‘চমক’ অবশ্য এটাই প্রথম নয়। আগের দুই রাউন্ডেও লা লিগার দুই দল ভিয়ারিয়াল ও রেসিং সান্তারদারকে হারিয়েই তারা ইতিহাসে প্রথমবারের মতো পা রাখে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে দিল আরও বড় চমক।বিস্ময়কর এই সাফল্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে পত্রিকার প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারেনি, তবে ‘মিরান্ডেস জয় করে নিয়েছে স্প্যানিয়ার্ডদের হূদয়’। পরশুর জয়ের পরই যেমন মিরান্ডেস ও মিরান্ডেসের সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, সেস ফ্যাব্রিগাসের মতো তারকারা।৪৬ মিনিটে ফন্তের গোলে এগিয়ে যায় এসপানিওল। ৫৭ মিনিটে মিরান্ডেসকে সমতায় ফেরান স্থানীয় এক ব্যাংকের চাকুরে ও অধিনায়ক পাবলো ইনফান্তে। কানেদার ইনজুরি সময়ের গোলে আসে রূপকথার জয়। এই গোলটিও বানিয়ে দেন ইনফান্তে। ম্যাচ শেষে তৃপ্ত ইনফান্তে বলেছেন, ‘এটা বিস্ময়কর। আগামীকালই কাজে যাব। কিন্তু প্রথমে আমরা জয়টি উপভোগ করব।’ রয়টার্স।