মিরোনাকে ঘোরাচ্ছে বিগ বাংলা রান
গত মার্চ মাসে ঢাকায় হয়েছিল বিগ বাংলা রান ম্যারাথন প্রতিযোগিতা। বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রথম ১০ কিলোমিটারের ম্যারাথন। প্রতিযোগিতার প্রায় সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনো চ্যাম্পিয়নের প্রাইজমানি পাননি বিজেএমসির অ্যাথলেট ও জাতীয় দলের ফুটবলার মিরোনা আক্তার। চ্যাম্পিয়ন হিসেবে তাঁকে দেওয়ার কথা ছিল ১ হাজার মার্কিন ডলার (প্রায় ৮০ হাজার টাকা)।অথচ মিরোনার সঙ্গে দৌড়ে দ্বিতীয় হওয়া ডেনমার্কের অ্যাথলেট এনা অ্যান্ডারসন ও তৃতীয় হওয়া যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জার টেলর এরই মধ্যে প্রাইজমানির ৭০০ ও ৫০০ ডলার পেয়ে গেছেন। মিরোনার মতোই সেনাবাহিনীর অ্যাথলেট জামরুল ইসলামের প্রাইজমানি পেতে দেরি হচ্ছিল। তাঁর পুরস্কারের টাকা কিছুদিন আগে পরিশোধ করে দেয় বিগ বাংলা রান। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন জামরুল কাল বললেন, ‘আমি প্রাইজমানির টাকা একটু দেরিতে পেয়েছি। প্রতিযোগিতা শেষের দুই মাস পর আমার টাকা দেওয়া হয়। এই টাকা তুলতে আমাকে সেনাবাহিনীর পরিচয় এবং কাগজপত্র জমা দিতে হয়েছিল।’ মিরোনা এ পর্যন্ত প্রায় চারবার ব্যাংকে গিয়েও টাকা পাননি বলে অভিযোগ করলেন, ‘আমি বিগ বাংলা রানের কর্মকর্তাদের কাছে টাকার জন্য বারবার তাগাদা দিয়েও পাইনি। ব্যাংকে গেলেই আমাকে বলা হয় আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। আমি বাগেরহাটে থাকি, বারবার আমার পক্ষে ঢাকায় আসা সম্ভব না। তারা আমাকে খুলনার আঞ্চলিক কার্যালয়ে গিয়ে টাকা তুলতে বলেছিল। সেখানে গিয়েও ফিরে এসেছি। এই টাকা আদৌ পাব কি না জানি না।’এ বিষয়ে বিগ বাংলা রানের বিপণন পরিচালক সালেকিন হাসান বললেন, ‘আমরা স্পন্সরদের কাছ থেকে প্রাইজমানি আগেই পেয়েছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এই টাকা দিতে দেরি হচ্ছে। অন্য প্রতিযোগীরা প্রাইজমানি পেয়ে গেছে। আশা করি, মিরোনার প্রাইজমানিও ২৫ জুলাই দিয়ে দিতে পারব।’ ম্যারাথনে ৩৬ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিরোনা। গুলশান লেডিস ক্লাব থেকে শুরু হয়ে ম্যারাথন শেষ হয়েছিল সংসদ ভবনের পাশে খামারবাড়িতে এসে।