ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হলেও আন্তর্জাতিক ক্রিকেট সন্দ্বীপ পাতিলকে চিনত মূলত মারকুটে ব্যাটসম্যান হিসেবে। বোলিং করতেন কেবল দলের খুব বেশি প্রয়োজনেই। তা করতে গিয়েই বিরল ও মজার এক কীর্তি গড়ে ফেলেছেন পাতিল। টেস্ট ও ওয়ানডেতে তাঁর সেরা বোলিং একই, ২৮ রানে ২ উইকেট! কতটা বিরল বুঝতে পারবেন, যখন জানবেন ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আছে আর মাত্র একজনেরই। দুই সংস্করণেই সাবেক বাঁহাতি ইংলিশ স্পিনার অ্যাশলি জাইলসের সেরা বোলিং ৫৭ রানে ৫ উইকেট। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য বলা যায় কৃষ্ণমাচারি শ্রীকান্তের কথা। ভারতীয় সাবেক ওপেনার ও বর্তমানে নির্বাচক শ্রীকান্তের দুই ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রান ১২৩। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ফিফটি করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে দুটোতেই সমান সর্বোচ্চ ইনিংস নেই আর কারও। সমান সর্বোচ্চদের মধ্যে শ্রীকান্তের পরে সর্বোচ্চ জিম্বাবুয়ের মলুলেকি এনকালার ৪৭ আর দক্ষিণ আফ্রিকার জাস্টিন অনটংয়ের ৩২।