মিল আছে ক্রীড়া তারকা আর ভয়ংকর মানসিক রোগীর!

একজন সফল ক্রীড়া তারকা সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেন। মাঠে নিজের সামর্থ্যের শেষ বিন্দুতে পা রাখেন। পরিবার-পরিজন, নাওয়া-খাওয়া ভুলে অখণ্ড মনোযোগের সঙ্গে প্রস্তুতি নেন। নিজের স্ত্রী বা স্বামী, সন্তান, মা-বাবাকেও তাঁরা ভুলে থাকতে পারেন সাফল্যের জন্য প্রস্তুতি নিতে গিয়ে। ক্রীড়াবিদদের এমন আচরণ অনেক সময় নাকি মানসিকভাবে ভয়ংকর অসুস্থ এমন রোগীর চরিত্রের সঙ্গে মিলে যায়। এমন মন্তব্য ব্রিটেনের তারকা অলিম্পিক অ্যাথলেট ক্যাথরিন গ্রেইনঞ্জারের।
ক্রীড়াবিদদের সঙ্গে ‘সাইকোপ্যাথ’দের জীবনাচরণের এই মিলের প্রসঙ্গটি উঠে এসেছে গ্রেইনঞ্জার লেখা একটি গবেষণামূলক নিবন্ধে। আইন ও নরহত্যা বিষয়ে এর আগে ডিগ্রি নেওয়া গ্রেইনঞ্জার এবার চিকিৎসা আইন ও নৈতিকতার ওপর মাস্টার্স করেছেন। সেখানেই সাইকোপ্যাথদের নিয়ে পড়তে হয়েছে তাঁকে। আর পড়া শেষে নিজের গবেষণাপত্র লিখতে গিয়ে ক্রীড়াবিদদের আচরণের সঙ্গে মানসিক রোগীদের মিলের বিষয়টি তুলে এনেছেন।
ব্রিটেনের হয়ে গত পাঁচটি অলিম্পিকে পদক জিতেছেন ক্যাথরিন। ২০০০ সালে সিডনি অলিম্পিক থেকে শুরু। এথেন্স (২০০৪), বেইজিং (২০০৮), লন্ডন (২০১২) ও এবারের রিও অলিম্পিকে পদক জিতেছেন। লন্ডনে ২০১২ সালে তিনি ডাবল স্কালসে সোনা জিতেছিলেন। এবার রিওতে জেতেন রুপা। সিডনি, এথেন্স ও বেইজিংয়েও রুপা জিতেছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি অলিম্পিক পদকজয়ী নারী খেলোয়াড় তিনি।
গ্রেইনঞ্জার ব্যাখ্যা করে বলেছেন, এমন নয় যে ক্রীড়াবিদমাত্রই মানসিকভাবে অসুস্থ। বলেছেন, ‘আমি কোনোভাবেই এই দুইয়ের মধ্যে সরাসরি সম্পর্ক দেখাইনি।’ তবে কিছু ক্ষেত্রে দুইয়ের মধ্যে অনেক মিলও আছে। বলেছেন, ‘যেসব মানুষ কোনো ব্যাপারে ভীষণ আবেগ নিয়ে জড়িয়ে থাকে, লক্ষ্যপূরণের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া সেই মানুষকে তাঁর সামর্থ্যের শেষ বিন্দুতে ঠেলে দেয়। এটা খুবই কৌতূহলজনক ব্যাপার যে মানুষ সব সময়ই নিজের জীবনকে সামর্থ্যের চূড়ান্ত সীমায় নিয়ে যায়, তা সেই সীমাটি যা-ই হোক না কেন।’ সূত্র : এএফপি।