মিল খুঁজে পান চন্দরপল
পুরোনো দিনের সাংবাদিকদের স্মৃতিচারণা নবীন সাংবাদিকদের কাছে এখন গল্পগাথা বলে মনে হয়। সে এক সময় ছিল বটে, যখন চাইলেই আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কথা বলা যেত। সাক্ষাৎকার-টাক্ষাৎকারও ছিল ‘চাওয়া আর পাওয়া’র সহজ সমীকরণ। ক্রিকেটারদের হোটেল রুমও সাংবাদিকদের জন্য ছিল অবারিত।যে দিন গেছে, তা একেবারেই গেছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘিরে কঠিন নিরাপত্তা। সাক্ষাৎকার তো বটেই, টুকটাক কথা বলতেও মিডিয়া ম্যানেজারের অনুমতি লাগে। বাংলাদেশে তো সাংবাদিকদের কাজটা আরও কঠিন। লবিতে কোনো ক্রিকেটারকে দেখে এগিয়ে যাবেন তো, হা রে রে রে ছুটে আসবেন ওয়াকিটকি হাতে বিসিবির নিরাপত্তা বিভাগের লোকজন। গতকালও এর ব্যতিক্রম হলো না। হোটেল সোনারগাঁওয়ের লবিতে তিন সাংবাদিকের ছায়াসঙ্গী হয়ে থাকলেন এক নিরাপত্তাকর্মী। ওয়েস্ট ইন্ডিজ দল থেকেই নাকি তাঁদের বলে দেওয়া হয়েছে, সাংবাদিকেরা যেন ‘বিরক্ত’ না করেন।মারলন স্যামুয়েলসকে দেখে কথাটা সত্যি বলেই মনে হলো। লবিতে একবার দেখা, পরে সুইমিং পুলের পাশে জিমের পথে। দুবারই স্যামুয়েলসকে মনে হলো ‘মূক ও বধির’। ‘হাই-হ্যালো’র কোনো জবাব তো নেই-ই, আশপাশে কোনো লোকজন আছে, সেটিও যেন বুঝতে পারছেন না। ‘কী ব্যাপার, তুমি কি কথা বলতে পারো না, নাকি’—সাংবাদিকদের একজনের কৌতুক-মাখানো প্রশ্নে বিড়বিড় করে একটা না দুটো কী শব্দ বললেন, বোঝা গেল না।দীর্ঘ বিমানযাত্রার পর গত পরশু দুপুর নাগাদ হোটেলে পৌঁছার পর থেকে বেশির ভাগ রুমে ঘুমিয়েই কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। জিম করতে কাল বিকেল তিনটার দিকে বিচ্ছিন্নভাবে নেমে এলেন সবাই। আসা-যাওয়ার পথে প্রায় সবাই স্যামুয়েলসের চেহারায়। টিনো বেস্ট কানে বড় বড় হেডফোন লাগিয়ে চারপাশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলেন। ম্যানেজার রিচি রিচার্ডসন অবশ্য বাক্শক্তির প্রমাণ দিলেন হাই-হ্যালোর জবাব দিয়ে। কী কী যেন লাগবে—সেসব প্রয়োজন অনেকক্ষণ ধরে লিয়াজোঁকে বুঝিয়ে বলার পর হোটেলের দোকানে ঢুঁ মারতে দেখা গেল তাঁকে।ব্যতিক্রম হয়ে এলেন শিবনারায়ণ চন্দরপল। অনেক বছরের পরিচিত সাংবাদিককে দেখে তাঁর মুখে পরিচিতের হাসি ফুটল। টুকটাক কথাও বললেন। ক্যারিয়ারের বিচারে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র শচীন টেন্ডুলকারই তাঁর সিনিয়র। টেস্ট খেলার বিচারে এগিয়ে শুধু তিনজন—টেন্ডুলকার ছাড়া পন্টিং ও ক্যালিস। এই দীর্ঘ ক্যারিয়ারের রহস্যটা কী? চন্দরপল শুধু মৃদু হাসলেন। সেই ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সব সফরেই দলে ছিলেন। খেলে গেছেন বিপিএলেও। বাংলাদেশকে নাকি তাঁর কাছে ‘হোম অ্যাওয়ে ফ্রম হোম’ বলে মনে হয়। সেটি কি চন্দরপলের দেশ গায়ানার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটিং কন্ডিশনের মিল দেখে? বাইরে ঝিরিঝিরি বৃষ্টির দিকে তাকিয়ে এখনো তরুণ দেখতে ৩৭ বছর বয়সী চন্দরপল বললেন, ‘আবহাওয়াতেও তো খুব মিল। আসার পর থেকে মনে হচ্ছে গায়ানাতেই আছি।’বৃষ্টির মিল আছে, সংখ্যাগরিষ্ঠ এশিয়ানদের দেশ গায়ানার লোকজনের সঙ্গে এখানকার মানুষের চেহারার মিলও। সব মিলিয়েই বাংলাদেশকে খুব আপন মনে হয় চন্দরপলের। লিফটের সামনে দাঁড়িয়ে চন্দরপলের সঙ্গে যখন কথা হচ্ছে, তাঁর পেছনে দাঁড়িয়ে সুনীল নারাইন ও রবি রামপল। কাকতালীয়ভাবে তিনজনই এশিয়ান বংশোদ্ভূত। একটা পার্থক্য অবশ্য আছে। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন নারাইন-রামপল, চন্দরপল গেইলদের গ্যাংনাম নাচ দেখেছেন টেলিভিশনে, ‘আমি তখন সিএল (চ্যাম্পিয়নস লিগ) খেলতে দক্ষিণ আফ্রিকায়। টেলিভিশনে খেলা দেখেছি। পরে তো ওদের অনেকের সঙ্গে ওখানেই দেখা হলো।’ চন্দরপল আরও কী যেন বলতে যাচ্ছিলেন, সামনে হাঁ হয়ে খুলে গেল লিফট। বাংলাদেশের বিপক্ষে সিরিজ প্রসঙ্গে আসার সুযোগই হলো না।