মিল হয়ে গেছে জিদান-মাতেরাজ্জির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান আর মার্কো মাতেরাজ্জির ঝামেলাটার বয়স চার বছর। লম্বা এই সময়ে দুজন কখনো কখনো মুখোমুখি হয়েছেন। কিন্তু জিদান এড়িয়ে গেছেন বরাবরই। মাতেরাজ্জির চোখে চোখই রাখেননি ফরাসি কিংবদন্তি। কিন্তু এবার আর এড়াতে পারলেন না জিদান। মাতেরাজ্জি তাঁর মুখোমুখি হলেন, দুজনের কুশল বিনিময় হলো। হলো হাত মেলানো!২০০৬ বিশ্বকাপ ফাইনালের কথা। ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জি বাজে কথা বলে মাঠে রাগিয়ে দিয়েছিলেন জিদানকে। নিজের বোনকে নিয়ে বাজে কথাটা সহ্য করতে না পেরে জিদান ঢুস দিয়ে বসেছিলেন মাতেরাজ্জির বুকে। তাতে আন্তর্জাতিক ফুটবলে তাঁর বিদায়ী ম্যাচটা শেষ হয় লাল কার্ড দেখে। বিষয়টি ভুলে যাওয়া জিদানের জন্য একটু কষ্টের ছিল বৈকি!এত দিন পর ক্ষতটা একটু শুকানোরই কথা। মাতেরাজ্জির চোখে চোখ হয়তো এ কারণেই রেখেছেন জিদান। আর এই বিশেষ মুহূর্তটা খুব কাছ থেকে দেখেছেন স্প্যানিশ এক সাংবাদিক। সংবাদপত্রের মাধ্যমে জিদান-মাতেরাজ্জির হাত মেলানোর ব্যাপারটি তিনিই জানিয়েছেন বিশ্বকে।জিদান-মাতেরাজ্জির সাম্প্রতিক সাক্ষাৎপর্বটা ছিল ইতালির মিলানে। এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গত মাসে মিলান গিয়েছিল রিয়াল। দলের পরামর্শক হিসেবে জিদানও গিয়েছিলেন সেখানে। রিয়ালের টিম হোটেলে সাবেক গুরু হোসে মরিনহোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইন্টার মিলান ডিফেন্ডার মাতেরাজ্জি।জিদান অবশ্য মাতেরাজ্জির সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন। কিন্তু মাতেরাজ্জি বলেছেন, জিদানের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং মিডিয়াসেট টিভিকে পুরো ঘটনার বর্ণনাও দিয়েছেন, ‘আমি হোটেল (রিয়াল মাদ্রিদের টিম হোটেল) ছেড়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন আমাকে এসে বলল, একটা ঝামেলা হয়েছে। তারা বলল, আমার গাড়িটার পাশে জিদান তার গাড়িটা পার্ক করেছে।’জিদান তাঁর গাড়ির পাশে গাড়ি পার্ক করেছেন শুনেই দ্রুত সেখানে গেলেন মাতেরাজ্জি। ততক্ষণে জিদান গাড়ি থেকে নেমেছেন। দুজন হয়ে গেলেন মুখোমুখি। ‘আমিই বেশি কথা বলেছি। একেবারে শেষে সে হাত বাড়িয়ে দিল। আমি তার হাতটা ধরে ফেললাম এবং সে আমার চোখে না তাকানো পর্যন্ত হাতটা ছাড়লাম না। আমি এমন কিছু চেয়েছিলাম এবং এটা হয়েছে’—বলেছেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান ডিফেন্ডার। এএফপি।