মিলছে না প্রস্তুতির সুযোগ
জাতীয় ফুটবল দলের চিরকালীন সমস্যা—প্রস্তুতি ছাড়াই আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের প্রথম লেগও সেভাবেই খেলতে হচ্ছে। ৮-১৯ জুলাই সুপার কাপের কারণে জাতীয় দলের প্রস্তুতি বলতে কিছুই হচ্ছে না। ২৩ জুলাইয়ের ম্যাচ সামনে রেখে সুপার কাপ শেষ হওয়ার পরদিনই বৈরুতের উদ্দেশে রওনা দেবেন ফুটবলাররা।কাল সকালে পাকিস্তান থেকে ফিরে আসা ফুটবলারদের মুখে তাই আক্ষেপই শোনা গেল। নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কি ঢাকায় নেমেই ফুটবলারদের বলে দিয়েছেন, শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন। কিন্তু তা আর হচ্ছে কই!অধিনায়ক বিপ্লবের মাথায় খেলছে বিকল্প একটা পথ, ‘সুপার কাপে সবাই নিজ নিজ দলে খেললেও জাতীয় দলের খেলোয়াড়দের সবাইকে এক জায়গায় রাখার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে সবাই কিছু সময় একসঙ্গে থাকলে দল উপকৃত হবে। সেটিও সম্ভব না হলে যাওয়ার আগের দিন সবাইকে নিয়ে ‘‘গেট টুগেদার’’ করা উচিত।’কোচ ইলিয়েভস্কি কী করবেন এখন? উত্তর খুঁজতে কাল রাতে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের সঙ্গে দেখা করেছেন মেসিডোনিয়ান কোচ। জাতীয় দলের ক্যাম্প করার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন। তবে সুপার কাপের গুরুত্ব বুঝিয়ে বলার পর বাফুফের সিদ্ধান্ত মেনে নিয়েছেন কোচ।রাতে বাফুফে ভবন ছেড়ে যাওয়ার সময় বলেন, ‘কী আর করা। সুপার কাপের খেলা দেখব এখন। দু্-একজন নতুন খেলোয়াড় দলে নিতে পারি। লেবাননকে নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। চেষ্টা করলে লেবাননকে হারিয়ে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে। কিন্তু কথা হচ্ছে, খেলোয়াড়দের মাঠে সেরাটা দিতে হবে। দেখা যাচ্ছে, খেলোয়াড়দের পারফরম্যান্স ওঠানামা করছে। এটা জাতীয় দলের জন্য ভালো নয়।’