মিলনমেলা ছাপিয়ে আরও কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডা, খোশগল্প, পুরোনো সতীর্থের সঙ্গে দেখা। করমর্দন, কোলাকুলি। কোনটা রেখে কোনটা আগে বলা উচিত! কাল গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া অনুষ্ঠানে বরাবরের মতোই এমন টুকরা টুকরা অনেক দৃশ্যের দেখা মিলল। অনুষ্ঠানের ব্যাপ্তিও দিন দিন বাড়ছে। অনুষ্ঠানস্থলেই সাবেক ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু রায় দিয়ে ফেললেন, ‘গতবারের চেয়েও এবার আরও সুন্দর অনুষ্ঠান হয়েছে!’

এই অনুষ্ঠানে প্রতিবারই মিলনমেলা শব্দটা ঘুরেফিরে আসে। গতকাল রূপসী বাংলা হোটেলে এবারের অনুষ্ঠানটাও ধরে রাখল সেই সুর। এক ছাতার নিচে হাজার ক্রীড়াবিদ-সংগঠক, রেফারি, আম্পায়ারের ভিড়। বর্ষীয়ান থেকে উদীয়মান—কে নেই এই মোহনায়!

অনেকেই এসেছেন দল বেঁধে। ক্রিকেট, ফুটবল, হকি তো আছেই; হ্যান্ডবল, কুস্তি, বক্সিং, আর্চারিসহ সব খেলার প্রতিনিধিত্বই থাকল। সবাই এসে দেখলেন গোছানো এবং উপভোগ্য আয়োজন। অতিথিদের চোখ-মুখ এমনই মুগ্ধতায় ভরা যে, ঘণ্টা দুয়েক সময় কীভাবে কাটল, অনেকে টেরই পাননি।

সবচেয়ে বড় যেটি, একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য খেলোয়াড়-সংগঠকেরা এই দিনের জন্যই অপেক্ষা করেন। সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার (মিমু) তো সারা বছরই দেখা হলেই জানতে চান, ‘অনুষ্ঠানটা কবে?’ বিকেএসপির প্রশিক্ষণ পরিচালকের দায়িত্ব কাঁধে, সেই সূত্রে বিকেএসপি থেকে বিভিন্ন খেলার বাসভর্তি কোচ-খেলোয়াড় নিয়ে চলে এসেছেন কালকের এই মনে রাখার মতো পড়ন্ত বিকেলে।

সিলেট থেকে এসেছেন রণজিৎ দাস। ২০০৬ সালের গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া এই সাবেক ফুটবলার সত্যিই অবাক করে দিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও সবার আগে তিনি অনুষ্ঠানস্থলে! ‘এখানে এলে পরিচিত সব মুখ দেখে আমি অতীতে ফিরে যাই’—বললেন তিনি।

সব্যসাচী ক্রীড়াব্যক্তিত্ব বশীর আহমেদ যেমন আলো ছড়ালেন, তেমনি বাবা-মায়ের হাত ধরে আসা খুদে দাবাডু ফাহাদ রহমানও এর-ওর সঙ্গে কথা বলছিল। গত বছর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর ফাহাদের স্বপ্নটা আরও বিস্তৃত হয়েছে। আবদুস সাদেক, জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, মোহাম্মদ কায়কোবাদ, রাইসউদ্দিন আহমেদ, রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন, রানী হামিদ, নিয়াজ মোরশেদ, বাদল রায়, কামরুন্নাহার ডানা...থাক, নাম আর না বলাই ভালো। বলতে গেলে তো আর শেষ হবে না!

অনুষ্ঠান শেষে দুই ঘণ্টা পর আবদুল হালিম জানতে চাইলেন এই প্রতিবেদকের কাছে, ‘আমার পর্বটা কেমন হয়েছে?’ মঞ্চে একটি বল মাথায় আর দুটি হাতে একসঙ্গে ঘুরিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ‘দারুণ হয়েছে’ এটা বলার পর ১৫.২ কিলোমিটার বল মাথায় রেখে গিনেস বুকে নাম তোলা মাগুরার হালিমের আক্ষেপ, ‘আমি তো চারটি বল নিয়ে কারিকুরি দেখাতে পারতাম। সেই সুযোগ তো পেলাম না।’

কিন্তু ছোট ছোট বাচ্চারা তারকাদের অটোগ্রাফ নেওয়ার সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছে। শুধু ছোট কেন, অনেক তরুণ, একটু বেশি বয়সী অনেককেও দেখা গেল গলফার সিদ্দিকুর রহমানের অটোগ্রাফ নিতে! পুরস্কার পাওয়া দুই ক্রিকেটার নাসির-এনামুল হককে নিয়ে উচ্ছ্বাস-আনন্দ মনে করাল অনুষ্ঠানটা প্রিয় খেলোয়াড়কে কাছে পাওয়ারও।

আবার অনুযোগও তো অনেক। ‘আমরা কবে এই পুরস্কার পাব, আমাদের দেবেন না?’ এমন প্রশ্ন কত যে শুনতে হয়েছে, ইয়ত্তা নেই। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম (রানা) প্রশ্ন তুললেন, ‘আমাদের এত এত সাফল্য...’ অমুক অমুক টুর্নামেন্ট থেকে সোনা এনেছেন, কাজেই তাঁর খেলোয়াড়েরা কেন পাবেন না?

এভাবে থাকল অসংখ্য কোলাজ, যা নিয়ে মালা গাঁথলে একটাই ছবি দাঁড়ায়—ক্রীড়াঙ্গনের সত্যিকারের এক মিলনমেলা।