মিলনমেলায় বাজল শেষের বাঁশি
সমাপনীর জন্য আনা আতশবাজি কাল ক্রীড়া পরিষদের ভাঁড়ার থেকে ট্রাকে তুলে ফিরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সাভারে ভবনধসের মর্মান্তিক ঘটনার পর আতশবাজি পোড়ানোটা দৃষ্টিকটুই। তাই আজ বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠানটা কেবল আনুষ্ঠানিকতা। যেখানে সাভার বিপর্যয়ে নিহতদের স্মরণে নীরবতা পালনও করা হবে। খেলোয়াড়দের মার্চ পাস্ট, মাসকটের বিদায় এবং শেষভাগে মশাল নিভিয়ে ফেলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া এই অনুষ্ঠান। মশাল নিভে যাচ্ছে, আবার কবে এই মশাল জ্বলবে কেউ জানে না। বাংলাদেশের রুগ্ণ ক্রীড়া সংস্কৃতিতে ১১ বছর পর ফিরেছে এই গেমস, পরেরটি চার বছর পর হবে কি না, বড় প্রশ্ন। যদিও ক্রীড়াঙ্গনের আকাঙ্ক্ষা চার বছর কেন, দুই বছর অন্তর এমন আয়োজন হওয়া দরকার।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) দুই বছর পর পর গেমস আয়োজনের চিন্তা মাথায়ই আনছে না। চার বছর পর আয়োজনের ধারাবাহিকতায় ফিরতে পারলেই তা অনেকের চোখে ঢের বেশি। আশার কথা, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা একরকম প্রতিশ্রুতির সুরেই বলছেন, ‘চার বছর পর এই গেমস হবে, এর কোনো ব্যত্যয় আমরা করব না।’গেমস নিয়ে অনেক সমালোচনা ছিল শুরু থেকেই। ২২ কোটি টাকার গেমসে ক্রীড়াবিদেরা বঞ্চিত, আনুষ্ঠানিকতার দিকেই বেশি নজর বলে সমালোচনা শুনতে হয়েছে আয়োজকদের। সেটি পেছনের পাতায় ঠাঁই নিয়েছে গেমস শুরুর পর। কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার দেখা মিলেছে। যদিও সব ছাপিয়ে খেলার ওপরই এই সময়ে পড়েছে সব আলো। ২০ এপ্রিল উদ্বোধনীতে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখেছিল বর্ণিল আলোর নাচন। মাঠের খেলাটা কেমন হয়েছে, সেই মানদণ্ড একেকজনের কাছে একেক রকম। মোটা দাগে পদকের জন্য মরিয়া একটা লড়াই খেলোয়াড়দের উদ্দীপ্ত রেখেছিল। কেউ কেউ একটু কঠোর হয়ে এই গেমসকে ‘বনভোজন’ বলতে চান। যে যা-ই বলুন, প্রায় সাত হাজার ক্রীড়াবিদ যখন একসঙ্গে এক ছাতার নিচে, তখন তা সব ছাপিয়ে হয়ে ওঠে বড় এক মিলনমেলাই।এটি সব খেলার জাতীয় চ্যাম্পিয়নশিপ, সবগুলো একসঙ্গে হচ্ছে বলে নাম বাংলাদেশ গেমস। সংবাদমাধ্যম গুরুত্ব অনুযায়ী ছুটেছে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা, উৎসব, আবেগের ছড়াছড়ি চোখে পড়েছে। হাসি-কান্নার টুকরো টুকরো কোলাজ ব্যঞ্জনাময় হয়ে উঠেছিল কখনো কখনো। কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টিটিসহ আরও কয়েকটি খেলায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়।অনেক নতুন মুখের আগমন এই গেমসকে রাঙিয়েছে নানা রঙে। ভালো করা খেলোয়াড়দের বেশির ভাগই তরুণ। যাঁদের চোখে স্বপ্ন আছে, লাল-সবুজের ক্রীড়াঙ্গনের অগ্রদূত হওয়ার সম্ভাবনার ছবিটা এঁকে গেলেন ওই খেলোয়াড়েরা। দ্রুততম মানব, মেয়েদের ২০০ মিটার সিপ্রন্টে নতুন একজন, শ্যুটিংয়ে ১০ মিটার রাইফেলে এক নবীনের আবির্ভাব বাংলাদেশ গেমসের আশার দিক। আরও অনেকেরই উপস্থিতি আছে আশা-জাগানিয়া এ তালিকায়।আয়োজনের অব্যবস্থাপনার ছাপ কখনো কখনো মর্মপীড়ার কারণ হয়েছে। অগোছালো আয়োজন বাংলাদেশে অবশ্য নতুন কিছু নয়। কাবাডি মাঠে দুবার মারামারি হয়েছে। দলগুলোর খেলার প্রতি অত্যুৎসাহ কিংবা ধৈর্য হারানো, যা-ই হোক না কেন, কাবাডি মাঠে রক্ত ঝরাটা গেমসের সৌন্দর্যহানি করেছে খানিকটা।ধন্যবাদ প্রাপ্য খেলোয়াড়দের। দূরদূরান্ত থেকে আসা অনেক খেলোয়াড়ই এই কটা দিন বেশ কষ্টে কাটিয়েছেন। থাকা-খাওয়ার সমস্যা, বরাদ্দ অপ্রতুল। তবু গেমসের পতাকাতলে থাকার আনন্দটাই শেষ পর্যন্ত তাঁদের সঙ্গী হয়েছে।সেই সুযোগ করে দেওয়ার জন্য একটা করতালি পেতেই পারে বিওএ। অন্তত হিমাগার থেকে গেমসটা তো বেরোল!