মিলান অকর্মাদের ক্লাব নয়!
ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সফলতম দল তারা, গলায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মালা তুলেছে সাতবার। সর্বশেষ সাফল্যের স্মৃতিতে অবশ্য ধুলো জমে গেছে, চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা সাত বছর আগে। ইউরোপিয়ান মঞ্চে তো বটেই, ঘরোয়া লিগেও এসি মিলানকে মলিন দেখায়। সর্বশেষ স্কুডেট্টো জিতেছে দুই বছর আগে!
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি ফিরিয়ে দিন কয়েক আগে কাকা ফিরেছেন তাঁর পুরোনো ক্লাবে। কিন্তু ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ফিরিয়ে আনায় যাঁরা ভ্রুকুটি তুলেছেন, তাঁদের সঙ্গে একমত নন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি। তাঁর মতে, কাকা মোটেই ‘অকর্মা’ বা ‘অপোগণ্ড’দের দলে পড়েন না। তিনি বরং গর্বই করেছেন ক্লাবকে নিয়ে।
কিন্তু গ্যালিয়ানির এই বড়াইয়ের ভিত্তি কী? একটা দিক দিয়ে অবশ্য প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস, নাপোলির চেয়ে এগিয়ে মিলান। গত পাঁচ বছরে লা লিগায় মিলানই সবচেয়ে বেশি পয়েন্ট (৩৭৮) পেয়েছে। জুভেন্টাস (৩৫৮) ও ইন্টার (৩৫৪) সেই তুলনায় বেশ পিছিয়ে। গ্যালিয়ানি তাই বলেছেন, ‘উয়েফা র্যাঙ্কিং দেখুন, আমরাই কিন্তু ইতালিতে সবার ওপরে। আমাদের নিয়ে যা বলা হচ্ছে সেটা আমার পছন্দ নয়। তিন বছর আগে আমরা স্কুডেট্টো জিতেছিলাম। দুই বছর আগেও এপ্রিল পর্যন্ত শীর্ষে ছিলাম। গত বছর তিনে থেকে লিগ শেষ করেছি। আমি মিলানের অতীত ও বর্তমান নিয়ে গর্বিত।’ ওয়েবসাইট।
কাকাকে একটা বার্তাও দিলেন গ্যালিয়ানি, ‘রিকি (কাকা), আমি এসব বলছি কারণ তুমি কোনো অকর্মাদের দলে আসোনি।’