
চ্যাম্পিয়নস লিগের শুরুটা দুঃস্বপ্নের মতোই হলো আগেরবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের। কাল রাতে নাপোলির স্তাদিও সাও পাওলোয় নাপোলির কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। পরাজয়ের পাশাপাশি কোচ ইয়ুর্গেন ক্লপ ও গোলরক্ষক রোমান ভেইডেনফেলারের বহিষ্কারাদেশ দলটির কাটা ঘায়ে নুনের ছিটা হয়েই এসেছে।
কাল চেলসি বাসেলের কাছে হেরে গেলেও জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মার্শেইয়ের বিপক্ষে গানার্সদের জয়টাও ২-১ গোলের।
রাতের অপর খেলায় জিতেছে এসি মিলান। সেল্টিককে তারা হারিয়েছে ২-০ গোলে।
নাপোলির বিপক্ষে ম্যাচে কোনোকিছুই পক্ষে ছিল না বরুসিয়ার। খেলার ২৯ মিনিটের সময় গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে যায় নাপোলি। ৬৭ মিনিটে লরেঞ্জো ইনসাইন দারুণ এক গোলে নাপোলিকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৭ মিনিটে হুয়ান ক্যামিলো জুনিগার আত্মঘাতী গোল ব্যবধান কমালেও, কমাতে পারেনি বরুসিয়ার বেদনা। ক্লপ ও ভেইডেনফেলারের লালকার্ডের পাশাপাশি ম্যাটস হ্যামেলের ইনজুরিও ভাবনার কারণ হয়ে এসেছে গতবারের রানার্সআপদের জন্য।

অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে আর্সেনাল প্রথম গোল পায় খেলার ৬৫ মিনিটে। গোলদাতা থিও ওয়ালকট। ৮৪ মিনিটে ইংলিশ জায়ান্টদের ২-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যারন র্যামসে। খেলার ইনজুরি সময়ে প্রাপ্ত পেনাল্টি থেকে জর্ডান আইউ ব্যবধান কমালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফরাসি দলটির।
ইতালীয় জায়ান্ট এসি মিলান সেল্টিককে ২-০ গোলে হারালেও সেল্টিক নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মিলানকে ঠেকিয়ে রাখলেও তাদের শেষরক্ষা হয়নি। ৮২ মিনিটে ইজাগুইরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিলান। ৮৬ মিনিটে সুলে মুনতারির গোলে ব্যবধান দ্বিগুণ করে কষ্টার্জিত এক জয় নিয়েই মাঠ ছাড়েন আল্লেগ্রির সেনারা। সূত্র: রয়টার্স।