মিলান ছাড়তে চাননি সিলভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলোয়াড়দের জীবনটা বড় অদ্ভুত, অনেকে যাযাবরের মতো ঘুরে বেড়ায় ক্লাব থেকে ক্লাবে। অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেই ক্লাব ছেড়ে যেতে হয়, যেমনটা হলো ডিফেন্ডার থিয়াগো সিলভার ক্ষেত্রে। কদিন আগেই এসি মিলান ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে। এ জন্য পিএসজিকে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা, ৪ কোটি ২০ লাখ ইউরো মূল্যটাই বলে দেয় পিএসজির কাছে কতটা প্রার্থিত ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা বলছেন, তিনি নিজে মিলানেই থাকতে চেয়েছিলেন, ‘মিলান থেকে বিদায় নেওয়াটা আমার জন্য দুঃখের ছিল, ক্লাবের সঙ্গে আমার আবেগ জড়িয়ে ছিল। কিন্তু এটাই ফুটবল, একদিন আপনি এখানে তো পরের দিনই অন্য জায়গায়। এক সপ্তাহ আগেই তাদের সঙ্গে নতুন চুক্তি করেছিলাম।’ খানিকটা খেদও ঝরেছে তাঁর গলায়, ‘অনেকে আমাকে ভাড়াটে সৈন্য বলছে, এটা মন খারাপ করে দেয়। আমি পিএসজিতে বেশি টাকাও পাচ্ছি না। এটা আমার দোষ নয়, ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি।’ প্যারিসে করের হার ৭৫ শতাংশ, যেটা মিলানের চেয়ে বেশি। নতুন একটা জায়গা। অর্থকড়িও বেশি নয়। তাহলে সিলভা মিলান ছেড়ে গেলেন কেন? পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর জোরাজুরিতে। সাবেক ব্রাজিল ফুলব্যাক লিওনার্দোকে গুরুই মানেন সিলভা। তাঁর ডাকেই এসেছিলেন মিলানে। আবার তাঁর ডাকেই গেলেন প্যারিসে। সিলভার কথা, ‘আমার জন্য পরিস্থিতিটা ছিল বেশ কঠিন। আমি মিলান ছাড়তে চাইনি, চায়নি আমার পরিবারও। কিন্তু লিওনার্দো ও কার্লো আনচেলত্তি ডেকেছে বলেই এটিকে ইতিবাচক হিসেবে নিয়েছি।’ ওয়েবসাইট।