মিলান ছাড়বেন না রবিনহো
আপাতত এসি মিলান ছাড়ার কোনো ইচ্ছাই নেই রবিনহোর। পুরোনো ক্লাব সান্তোস প্রস্তাব দিয়ে রেখেছে। চাহিদা পূরণেও অনাপত্তির কথা জানিয়ে রেখেছে তারা। কিন্তু ব্রাজিলীয় ফরোয়ার্ড মনে করেন, এসি মিলানকে দেওয়ার অনেক কিছুই বাকি আছে তাঁর।‘আমার সাবেক ক্লাব সান্তোস আমায় ব্রাজিলে ফেরত নিতে সম্ভব সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, এসি মিলানকে আমার অনেক কিছুই দেওয়ার বাকি বলে মনে করি আমি।’ ইতালির ক্রীড়াবিষয়ক পত্রিকা কোরিয়ার দেল্লো স্পোর্তকে জানিয়েছেন রবিনহো।তিনি আরও বলেন, ‘এসি মিলানে প্রথম মৌসুমে আমার গোলসংখ্যা ছিল ১৪। গত মৌসুমে আমি গোল করি মাত্র ছয়টি। নতুন মৌসুমে আমি আমার গোলসংখ্যা আবারও দুই অঙ্কে নিতে চাই।’রবিনহোর মতে, নতুন মৌসুমে এসি মিলান একটু অন্যরকম, তবে কোনো মতেই দুর্বল নয়। ‘আমি নিশ্চিত এই দল অন্য দলগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ, এসি মিলানের একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।’জ্লাতান ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভাকে পিএসজির কাছে বিক্রি করে দেওয়ার পর এসি মিলানের আক্রমণ এখন অনেকটাই দুই ব্রাজিলীয়র ওপর নির্ভরশীল। আলেকজান্ডার পাতোকে ঘাড়ে নিতে হচ্ছে গোল করার দায়িত্ব। রবিনহো মিলানে থাকলে তিনি পাতোর যোগ্য জুটি হতে পারেন বলে মনে করেন অনেকেই। তবে এ ব্যাপারে সরাসরি নিজে কিছু না বলে রবিনহোর কণ্ঠে কেবল পাতোরই প্রশংসা ঝরেছে। তিনি বলেন, ‘পাতো সত্যিই দুর্দান্ত এক স্ট্রাইকার। ও তরুণ এবং দলকে অনেক কিছু দিতে সক্ষম।’অলিম্পিকে ব্রাজিল দলে পাতোর অন্তর্ভুক্তিতেও দারুণ খুশি রবিনহো। তিনি বলেন, ‘আমি মনে করি ব্রাজিলের অলিম্পিক দলে পাতোর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ পাতো অবশ্য এ বছরের শুরুতে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার খুব কাছাকাছিই অবস্থান করছিলেন, তবে শেষ পর্যন্ত সান সিরোতে তাঁকে রেখে দেওয়াই সাব্যস্ত করে মিলান কর্তৃপক্ষ। ওয়েবসাইট।