মিলান ডার্বি থেকেই ঘুরে দাঁড়াতে চায় মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা আর মিলান নামের দুটি শহর কিন্তু আজ মিলে যাচ্ছে এক বিন্দুতে। দুটি শহরই ফুটবলের উত্তেজনায় কাঁপছে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে যেমন এল ক্লাসিকো, তেমনি মিলানের সান সিরোতে আজ মিলান ডার্বি, ‘ডার্বি দেল্লা ম্যাদোন্নিনা’। মুখোমুখি দুই বৈরী প্রতিবেশী এসি মিলান-ইন্টার মিলান।পুরো নাম ‘ডার্বি দেল্লা ম্যাদোন্নিনা’, সংক্ষেপে মিলান ডার্বি। আজকের ডার্বিটা মিলানের হোম ম্যাচ। নিজেদের মাঠেও তাই ইন্টার পরবাসী! এমনিতেই দুই প্রতিবেশীর দ্বৈরথ উত্তাপ ছড়ায়। এবার তাতে রসদ জোগাচ্ছে পয়েন্ট তালিকাও। দুই দলেরই মৌসুমটা শুরু হয়েছে বাজেভাবে। সান সিরোতে প্রথম দুটি করে ম্যাচেই হেরেছে মিলান-ইন্টার। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তিনে। ৭ পয়েন্ট নিয়ে মিলান ১১ নম্বরে।মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির আশা তাঁর দল এই ডার্বি থেকেই চূড়ান্তভাবে ঘুরে দাঁড়াবে। লিগে যেমনই হোক, গত বুধবার চ্যাম্পিয়নস লিগে মিলান রাশিয়ায় গিয়ে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে এসেছে ৩-২ গোলে। অ্যালেগ্রির কথা, ‘পেছনে দারুণ এই জয় নিয়েই ডার্বিতে নামছি আমরা।’ রোজোনেরিদের আর আছেন একজন স্টেফান এল শারাউয়ি। ১৯ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার চার ম্যাচেই ৫ গোল করেছেন। জেনিতের বিপক্ষে ২ গোল করা এই তরুণের চোখেও ডার্বি জয়ের স্বপ্ন, ‘এ মুহূর্তে আমার ফর্ম নিয়ে আমি খুশি। কিন্তু মাত্রই শুরু। বুধবারের জয়টি ডার্বিতে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ইন্টার অবশ্য তুলনায় একটু আত্মবিশ্বাসী। লিগে সর্বশেষ ম্যাচে জয়ের পর দ্বিতীয় সারির দল নামিয়েও ইউরোপা লিগে জিতেছে। কিন্তু হতে পারে ম্যাচের কৌশল হিসেবেই ইন্টার কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি ডার্বিতে মিলানকেই মানছেন ফেবারিট।মিলানের মতো হয়তো নয়। তবে ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটাও ভালো হয়নি। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গত মৌসুমে অল্পের জন্য শিরোপা খোয়ানো দলটি। কাল জিতে থাকলে চেলসি এগিয়ে গেছে ৭ পয়েন্টে। এ অবস্থায় আজ ফার্গুসনের দলকে নামতে হচ্ছে কঠিন পরীক্ষায়। ইউনাইটেড মুখোমুখি হচ্ছে নিউক্যাসলের। এএফপি।