মিলান ডার্বিতে ইন্টারের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই। ৮৫ মিনিট পর্যন্তও যখন গোল হয়নি, তখন ড্রটাকেই সম্ভাব্য ফল বলে ভাবছিল সান সিরো। কিন্তু পরের মিনিটেই ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিও গোল করলেন দুর্দান্ত এক ব্যাকহিলে। এতেই যেন নিশ্চিত হলো ইন্টার মিলানের ডার্বি জয়। আর এসি মিলানের দুর্দশা যেন বাড়ল। নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখা হলো না মিলানের। ওদিকে ফ্রেঞ্চ লিগে ড্র করেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।
পরশুর পরাজয়ের জন্য শুধু নিজেদেরই দুষতে পারে মিলান। বালোতেল্লি, কাকা, ডি শিলিও সবাই সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু গোল করতে পারেননি তাঁরা। উল্টো শেষ দিকে গোল করে বসে ইন্টারই। মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য কাউকে দায়ী করলেন না, ‘আমি ছেলেদের প্রচেষ্টাকে অস্বীকার করতে পারি না। তারা নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছিল। ইন্টার ভালো খেলেছে ও শেষ ২০ মিনিটে পার্থক্য গড়েছে।’
জয়হীন চার ম্যাচের পর ইন্টারের কাছে ডার্বি জয়টা ছিল অতিকাঙ্ক্ষিত। প্যালাসিও বললেন, ‘আমার ক্যারিয়ারেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল এটা।’ দায়িত্ব নেওয়ার পর ইন্টারের প্রথম জয় দেখে ইন্দোনেশিয়ান মালিক এরিক তোহির আনন্দে আত্মহারা, ‘এটা ছিল আমার দেখা মৌসুমের অন্যতম সেরা গোল!’ মিলান-ইন্টার এখনো শীর্ষস্থান থেকে অনেক দূরে। পাঁচে থাকা ইন্টারের আশা কিছুটা বেঁচে আছে, তেরোতে থাকা মিলানের সঙ্গে শীর্ষে থাকা জুভেন্টাসের ব্যবধান ২৭ পয়েন্ট!
জুভেন্টাস পরশু আটলান্টাকে হারিয়েছে ৪-১ গোলে। গোল পেয়েছেন কার্লোস তেভেজ, পল পগবা, ফার্নান্দো লরেন্তে ও আরতুরো ভিদাল। এই বড় জয়ের পরও একটা ‘কলঙ্ক’ আছে জুভেন্টাসের। পরশু টানা নয় ম্যাচ পর প্রথম গোল খেয়েছে জুভেন্টাস। বড় জয় পেয়েছে রোমাও। ৪-০ গোলে হারিয়েছে কাতানিয়াকে।
ফ্রেঞ্চ লিগে নিজেদের মাঠে লিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ৩৬ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। এরপর ৪৪ ও ৫৩ মিনিটে গোল করে ম্যাচে ফেরে লিলে। ৭২ মিনিটে মার্কো বাসার আত্মঘাতী গোলে সমতা ফেরায় পিএসজি। এএফপি।