মিলান ডার্বিতে চোখ জুভেন্টাসের
শত্রুর শত্রু বন্ধু। আজ এই আপ্তবাক্যেই বিশ্বাসী জুভেন্টাস। আজকের মিলান ডার্বিটা চিরশত্রু ইন্টার মিলানই জিতুক, মনেপ্রাণে এমনটাই চাইছে জুভেন্টাস ও দলটির সমর্থকেরা। ইন্টার জিতে গেলে এবং নিরপেক্ষ ভেন্যু ত্রিয়েস্তে নিজেরা ক্যালিয়ারিকে হারালেই যে আজ স্কুডেট্টো চলে আসবে জুভেন্টাসের হাতে। দুই ম্যাচ হাতে রেখে এসি মিলানের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে জুভেন্টাস। এসি মিলান জিতে গেলে বা ডার্বিটা অমীমাংসিত থাকলে শেষ রাউন্ডে গড়াবে এবারের সিরি ‘আ’। অবশ্য শেষ দুই ম্যাচে জিতে গেলে ২৮তম লিগ শিরোপা ঘরে তুলতে আর কারও ওপর ভরসা করতে হবে না জুভেন্টাসকে। অন্যদিকে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে মিলানের সামনে ডার্বি জেতা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। ড্র করলে বা হারলে তাকিয়ে থাকতে হবে জুভেন্টাস পা হড়কানোয়। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার আছে শাঁখের করাতে। আজ তারা জিতুক, হারুক বা ড্র করুক সেটার সুফল ভোগ করবে দুই চিরশত্রুর কেউ না কেউ। অবশ্য উদ্দেশ্য তাদেরও একটা আছে। সেটা চ্যাম্পিয়নস লিগে বা নিদেনপক্ষে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার। ৩৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ইন্টার। চ্যাম্পিয়নস লিগে যেতে হলে তৃতীয় ও ইউরোপায় স্থান পেতে কমপক্ষে পঞ্চম হতে হবে। তৃতীয় ও পঞ্চম স্থানের দল নাপোলি ও লাৎসিওর চেয়ে যথাক্রমে ৩ ও ১ পয়েন্ট পিছিয়ে নেজুরেজ্জিরা। ইন্টারের সভাপতি মাসিমো মোরাত্তি বলেছেন, তাঁর দল জয়ের জন্যই খেলবে, কারণ ‘এবার ওদের (জুভ বা মিলান) কেউ না কেউ জিতবে। আমি জানি না কে চ্যাম্পিয়ন হলে ভালো হয়।’অবনমন শঙ্কা এড়াতে জুভেন্টাসের প্রতিপক্ষ ক্যালিয়ারির দরকার আরও এক পয়েন্ট। আর এই অনুপ্রেরণাতেই ক্যালিয়ারি জুভের পয়েন্ট কেড়ে নিতে পারে বলে ভাবছেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। জয় ছাড়া অন্য কিছু না ভাবা মিলান কোচ বলেছেন ‘ফুটবল খেলাটা অদ্ভুত। জানি এখনো আমরা পিছিয়ে আছি, তবে আগে আমরা আরও পিছিয়ে ছিলাম। কিছুই বদলায়নি, আগেও আমাদের সব ম্যাচ জিততে হতো, এখনো তাই। বাঁচার জন্য ক্যালিয়ারির এক পয়েন্ট দরকার। তাই কী হয় কে বলতে পারে।’ এএফপি।