মিলান ডার্বির নায়ক মিলিতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাতের ঘটনাতেই সিরি ‘আ’র শিরোপা লড়াইটা উন্মুক্ত হয়ে গেল! জানেত্তির ক্রস, প্রাণপণ চেষ্টায়ও আটকাতে পারলেন না এসি মিলান ডিফেন্ডার ইগনাজিও আবেতে। বল নিয়ন্ত্রণে নিয়ে কয়েক পা এগিয়ে মিলিতোর বাঁ পায়ের শট, দ্বিতীয় পোস্টের কোনা ছুঁয়ে মিলানের জালে। দুই আর্জেন্টাইনের যুগলবন্দীতে ইন্টারের ‘মিলান ডার্বি’ জয় (১-০)।শিরোপা লড়াইয়ে ফেরার প্রশ্নে ‘মিলান ডার্বি’ ছিল ইন্টারের জন্য অগ্নিপরীক্ষা। ‘চিরশত্রু’দের বিপক্ষে সেই পরীক্ষায় তো পাসই, ক্লদিও রানিয়েরির দলকে শিরোপা লড়াইয়ে ফিরিয়েছে জুভেন্টাসের ড্র এবং উদিনেসের হার! জুভেন্টাস ড্র করেছে ক্যালিয়ারির সঙ্গে, জেনোয়ার মাঠ থেকে উদিনেসে ফিরেছে ৩-২ গোলের হার উপহার নিয়ে।ঘরের মাঠে ড্র করলেও মিলান হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে মিলানের ৩৭, উদিনেসের ৩৫। একসময় পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা ইন্টার ৩২ পয়েন্ট নিয়ে পাঁচে। ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ওপরে লাৎসিও। ক্যালিয়ারির কাছে পয়েন্ট খুইয়েছে জুভেন্টাস—মাঠে নামার আগে পাওয়া সুসংবাদটি উজ্জীবিতই করেছিল মিলানকে। প্রথমার্ধে আধিপত্যও ছিল স্পষ্ট। কিন্তু দুর্ভাগ্য, কুয়াশাচ্ছন্ন রাতে পাতো, বোয়াটেং, বোমেল—তিনজনই সহজ সুযোগ নষ্ট করেছেন। বোমেলের শট তো প্রতিহত হয়েছে পোস্টে!মিলানের আক্রমণের ফাঁকে ফাঁকে আক্রমণ করেছে ইন্টারও। ৫৪ মিনিটে এ রকম এক পাল্টা-আক্রমণ থেকেই মিলিতোর বাজিমাত। যে গোলটি আর্জেন্টাইন স্ট্রাইকার উৎসর্গ করেছেন সমর্থকদের, ‘ডার্বি জয়ের সবচেয়ে সুন্দর জিনিস হলো, এটা সব সমর্থকের। এই গোলটা তাদের জন্য।’ এএফপি।