মিলান-দেয়ালে বার্সার ধাক্কা

অনেক দিন পর কাকার সেই পুরোনো ঝলক। চেলসির হয়ে শততম ম্যাচ খেলতে নেমে ফার্নান্দো তোরেসের জোড়া গোল। শেষ মুহূর্তে রবার্ট লেভানডফস্কির গোলে আর্সেন ওয়েঙ্গারের জন্মদিন উৎসবটা বিস্বাদ হওয়া। চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই অ্যাটলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্তার জোড়া গোল। চোট কাটিয়ে আবারও বার্সেলোনার প্রথম একাদশে ফেরা লিওনেল মেসির দুর্দান্ত গোল—সব মিলিয়ে ইউরোপের সেরা ক্লাব লড়াইয়ে আলো ঝলমল আরেকটা রাত। চলুন দেখা যাক পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কেমন হয়েছে—
মিলান ১: ১ বার্সেলোনা
এল ক্লাসিকোর আগে চোট কাটিয়ে মেসির একাদশে ফেরাটা স্বস্তি দেবে বার্সাকে। সান সিরোতে মিলান রক্ষণকে ধোঁকা দিয়ে ২৩ মিনিটে করা তাঁর অসাধারণ গোলটাও চোখে লেগে থাকবে কিছুদিন। ৭২ শতাংশ বলের দখল রেখে বার্সেলোনাও বুঝিয়েছে টিকি-টাকা থেকে তাঁরা সরে যায়নি মোটেও। কিন্তু তার পরও ম্যাচটা জিততে পারেনি কাতালানরা। মেসির ওই গোলের আগেই ৯ মিনিটে কাকার এক অসাধারণ পাসে গোল করে মিলানকে এগিয়ে দিয়েছিলেন রবিনহো। দ্বিতীয়ার্ধে সেই রবিনহোই বোকার মতো নষ্ট করেছেন সুলে মুনতারির পাস। তবে সান সিরোর রাতটা ছিল আসলে কাকার। অনেক দিন পরে ব্রাজিল প্লে-মেকার দিলেন পুরোনো রূপে ফেরার ইঙ্গিত। মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি রীতিমতো উচ্ছ্বসিত, ‘আজ সে দেখিয়েছে ও কত বড় খেলোয়াড়। খুবই বুদ্ধিমানের মতো খেলেছে। বাকিদের জন্য সে উদাহরণ।’
শালকে ০: ৩ চেলসি
বাসেলের কাছে প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল তাঁর দল। এরপর বেশ সমালোচনা শুনতে হয়েছে হোসে মরিনহোকে। সেই সমালোচনার জবাব দিলেন চেলসি কোচ পরপর দুটি বড় জয়ে। আগের ম্যাচে স্টুয়া বুখারেস্টকে ৪ গোলে উড়িয়ে দেওয়ার পর পরশু শালকের বিপক্ষে ৩-০ গোলে জয়। তবে এবার সমালোচকদের দিকে পাল্টা তির না ছুড়ে প্রথম ম্যাচের খারাপ পারফরম্যান্সের কথা স্বীকার করলেন মরিনহোও, ‘আমি ছেলেদের বলেছিলাম, বাসেলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স নোংরা আবর্জনার মতো হয়েছে। সেটা পরিষ্কার করতে হবে। দুই ম্যাচে দারুণ জয় নিয়ে ছেলেরা সেটা করে দেখিয়েছে।’ জয়ের কৃতিত্ব অবশ্য তিনি অনেকটাই দিতে পারেন স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে। অল ব্লুদের হয়ে এদিন নিজের শততম ম্যাচটাকে স্প্যানিশ স্ট্রাইকার স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে।
অস্ট্রিয়া ভিয়েনা ০: ৩ অ্যাটলেটিকো
স্প্যানিশ লিগে টানা ৮ ম্যাচ জয়ের রথ থেমেছে গত শনিবার এসপানিওলের কাছে হেরে। কিন্তু এবারের চ্যাম্পিয়নস লিগে এখনো অপরাজিতই রয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। জেনিত, পোর্তোকে হারানোর পর পরশু রাতে অস্ট্রিয়া ভিয়েনাকেও ডিয়েগো সিমিওনের দল উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিয়েগো কস্তা। ২০ ও ৫৩ মিনিটে দুই গোল—এর চেয়ে ভালো অভিষেক কি কল্পনা করেছিলেন কস্তা নিজেও?
আর্সেনাল ১: ২ ডর্টমুন্ড
ইংল্যান্ড হোক কিংবা ইউরোপ—দারুণ সময় কাটছিল আর্সেনালের। পরশু ৬৪তম জন্মদিনটা উদ্যাপনের জন্য তাই হয়তো মনে মনে অনেক পরিকল্পনা করে রেখেছিলেন কোচ আর্সেন ওয়েঙ্গার। ঘটা করে উৎসব করতেই পারতেন, যদি ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচটা অন্তত ড্র রাখতে পারত আর্সেনাল। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন রবার্ট লেভানডফস্কি। ১-১ সমতায় থাকা ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে গোল করে স্তব্ধ করে দেন এমিরেটস স্টেডিয়াম। থামিয়ে দেন সব ধরনের ম্যাচে আর্সেনালের টানা ১২ ম্যাচের জয়রথ! সমবেদনা জানাতে গিয়ে প্রতিপক্ষ কোচের জন্মদিন নিয়ে রসিকতাও করেছেন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘আমি দুঃখিত ওর জন্য। আসলে ওর জন্মদিনটাতেই সমস্যা। আমার জন্মদিন যেমন জুনে। ওই সময় কোনো খেলাই থাকে না, তাই আমাকেও হারতে হয় না। আমি ওই সময় ছুটি কাটাই।’
সিএসকেএ ১: ২ ম্যান সিটি
এই ম্যাচটা অবশ্য হয়েছে কাল মস্কোয়। আর তাতে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে সিএসকেএ মস্কোকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩২ মিনিটে সিএসকেএ এগিয়ে যায় জোরান তোসিচের গোলে। দুই মিনিট পরই সমতা ফেরানোর পর ৪২ মিনিটে সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। বিরতির পর অনেকগুলো সুযোগ নষ্টের খেসারত সিটিকে দিতে হতো ম্যাচের যোগ করা সময়ে গোলরক্ষক জো হার্ট দুর্দান্তভাবে গোল না বাঁচালে। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট হলো সিটির। দুটি অ্যাওয়ে জয়, ইংলিশ ক্লাবটির প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠার স্বপ্নে রং লাগল আরও।
সেল্টিক ২: ১ আয়াক্স
বার্সেলোনা আর মিলানের গ্রুপে পড়েছে বলে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে আয়াক্স। সেটা অবশ্য শুধু ডাচ ক্লাব নয়, বাকি প্রতিপক্ষদের জন্যও প্রযোজ্য। কিন্তু অন্য দলগুলোর চেয়ে আয়াক্সের ফর্মটাই বেশি খারাপ যাচ্ছে। তিন ম্যাচেরও জয়ের দেখা পেল না আয়াক্স। সেল্টিকের কাছে পরশু রাতে হারায় এখন নকআউটে যাওয়া নিয়েই শঙ্কা সমর্থকদের। ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখে আয়াক্স একটা মাত্র গোল করেছে যোগ হওয়া সময়ের চতুর্থ মিনিটে। এর আগেই ডাচ ক্লাবটির জালে দুটি গোল দিয়ে রেখেছিল সেল্টিক।
অন্য ম্যাচের ফল: স্টুয়া বুখারেস্ট ১: ১ বাসেল, মার্শেই ১: ২ নাপোলি, পোর্তো ০: ১ জেনিত