মিলান-নাপোলিতে ‘দুইয়ে’র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শিরোপার একক দাবিদার আসলে জুভেন্টাস। সিরি ‘আ’তে নাপোলি ও এসি মিলানের লড়াইটা সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার। সেই লক্ষ্যে পরশু দুই দলের মুখোমুখি দ্বৈরথে জেতেনি কেউই। নিজের মাঠ সান সিরোতে প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি মিলান, ১-১ গোলে ড্র করে ফিরেছে নাপোলি। ম্যাচে নায়ক থেকে খলনায়ক বনে গেছেন ম্যাথু ফ্লামিনি। দলের একমাত্র গোলটি করা মিলানের ফ্রেঞ্চ মিডফিল্ডার পরে পেয়েছেন লাল কার্ড। মিলানের আরেক দল ইন্টার তো হেরেই গেছে, ক্যালিয়ারি ২-০ গোলে হারিয়েছে তাদের। এই পরাজয়ে একসময় শিরোপা লড়াইয়ে থাকা ইন্টার ছিটকে পড়েছে পয়েন্ট তালিকার সাত নম্বরে। তুরিনোকে ২-১ গোলে হারিয়ে রোমা উঠে এসেছে ছয়ে।মৌসুমে নিজের দ্বিতীয় গোলটি করে সান সিরোতে ২৯ মিনিটে মিলানকে এগিয়ে দেন ফ্লামিনি। চার মিনিট পরই নাপোলিকে সমতায় ফেরান গোরান পানদেভ। ৭২ মিনিটে নাপোলির কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান জুনিগাকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান ফ্লামিনি। তবে ১০ জনের দল হয়ে পড়া মিলানকে চেপে ধরেও নাপোলি আর গোল করতে পারেনি। ফলে মিলানের চেয়ে ৪ পয়েন্টেই এগিয়ে নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৩, মিলানের ৫৯। এক ম্যাচ কম খেলেই জুভেন্টাসের পয়েন্ট ৭১। কাল লাৎসিওর বিপক্ষে জিতে থাকলে নাপোলির চেয়ে জুভরা এগিয়ে গেছে ১১ পয়েন্টে।শীর্ষ দুটি দল পাবে সরাসরি চ্যাম্পিয়নস লিগের টিকিট। তৃতীয় স্থানের দলকে খেলতে হবে প্লে-অফ। এএফপি।