মিলান বলেই মেসি-ম্যাজিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুষ্টিবদ্ধ হাত থেকে যেন ঠিকরে বেরোচ্ছে প্রতিজ্ঞা। সাময়িক খরা কাটিয়ে লিওনেল মেসি আবার ফিরলেন গোলের ধারায়। পরশু চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে   এএফপি
মুষ্টিবদ্ধ হাত থেকে যেন ঠিকরে বেরোচ্ছে প্রতিজ্ঞা। সাময়িক খরা কাটিয়ে লিওনেল মেসি আবার ফিরলেন গোলের ধারায়। পরশু চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে এএফপি

এসি মিলানের সঙ্গে এমন এক ম্যাচের পরেই শুরু হয়েছিল তাঁর গোলখরা।
সেই মিলানের বিপক্ষেই আবার গোলে ফিরলেন লিওনেল মেসি। একটি নয়, গোল করলেন দুটি।
মাঝখানে তিন ম্যাচে গোল পাননি বলে চারদিক থেকে ছুটে আসছিল সমালোচনার তির। অন্য কেউ হলে এখন পাল্টা কিছু বলে দিতেন। কিন্তু সমালোচনার জবাবটা মাঠে দিয়েই নীরব আর্জেন্টাইন তারকা।
ছাত্র চুপ থাকলেও তাঁর গুরু সরব। এই দুই সপ্তাহ যাঁরা মেসি ছন্দ হারিয়েছেন বলে শোরগোল করছিলেন তাঁদের জবাবটা দিলেন বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো, ‘মেসি সম্পর্কে নেতিবাচক কথা বলাটা সব সময়ই ঝুঁকিপূর্ণ। সে বিশ্বের ও রকম কয়েকজন খেলোয়াড়ের একজন যার সম্পর্কে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। হয়তো খারাপ সময় যাচ্ছে বলে ওকে নিয়ে কিছু বললেন, কিন্তু পরের ম্যাচেই সে সবকিছু উল্টে দেবে। আজও সে অবিশ্বাস্য খেলেছে।’ তবে এটাও ঠিক, মিলানকে সামনে পেলেই মেসি যেন জেগে ওঠেন। এই নিয়ে মিলানের বিপক্ষে ৮ গোল করলেন, চ্যাম্পিয়নস লিগে কোনো বিশেষ দলের বিপক্ষে মেসির সর্বাধিক গোল।
মেসির এমন খেলা মানেই বার্সেলোনার প্রত্যাশিত জয়। ন্যু ক্যাম্পেও সেটাই হয়েছে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল, ৮৩ মিনিটে দ্বিতীয়টি। এর মাঝে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন সার্জিও বুসকেটস, একবার নিজের জালে বল দিয়েছেন জেরার্ড পিকেও। ম্যাচের চারটি গোলই বার্সা খেলোয়াড়দের! ৩-১ গোলের জয়টা দুই ম্যাচ হাতে রেখেই টানা দশমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তুলল বার্সেলোনাকে। তবে এখনই সব কাজ শেষ বলে মনে করছেন না মার্টিনো, ‘চার ম্যাচের পরই পরের রাউন্ডে জায়গা করে নেওয়া মানে চাপ কমে যাওয়া। তবে আমাদের এখনো গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার দায়বদ্ধতা রয়ে গেছে।’
বার্সেলোনা এখনো গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে না পারলেও সেটা করে ফেলেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে গ্রুপ পর্বে তারা টানা চতুর্থ জয় পেয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান ধরে রাখাটাই নিশ্চিত করেনি অ্যাটলেটিকো, ২০০৮-০৯ মৌসুমের পর এই প্রথম তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও। দ্বিতীয়ার্ধে একটা পেনাল্টি নষ্ট করার ক্ষতি পুষিয়ে দলের চতুর্থ গোলটি করেছেন অ্যাটলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্তা। কাল একটা সুসংবাদও পেয়েছেন কস্তা, প্রীতি ম্যাচের জন্য ভিসেন্তে দেল বস্ক স্পেন জাতীয় দলে তাঁকে ডেকেছেন।
জিতলেও নকআউট পর্বের জন্য অপেক্ষা শেষ হয়নি দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনালের। স্যামুয়েল ইতোর জোড়া গোলে শালকেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। শেষ ষোলো নিশ্চিত না হলেও শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে হারের ধাক্কা কাটিয়ে আবার জয়ে ফেরাটাকেই গুরুত্বপূর্ণ ভাবছেন চেলসি কোচ হোসে মরিনহো, ‘আমার মনে হয় এটা সেই হারের খুব ভালো জবাব। অবশ্য আজও ম্যাচের প্রথম ১৫ মিনিট খুব কঠিন ছিল আমাদের জন্য।’
গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে নিজের মাঠে ২-১ গোলে হারা আর্সেনাল শোধ নিয়েছে ডর্টমুন্ডের মাঠে এক গোলে জিতে। তবে চার ম্যাচে ৯ পয়েন্ট পেলেও আর্সেন ওয়েঙ্গারের দল স্বস্তিতে নেই। গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে মার্শেইকে ৩-২ ব্যবধানে হারানোয় একই গ্রুপের নাপোলির পয়েন্টও ৯। এই দুই দলের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা ডর্টমুন্ডের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনো শেষ নয়। বাকি দুই ম্যাচেই সম্ভাবনাটিকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখেন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘আমরা এখনো আশা ছাড়িনি। যদি বাকি দুটি ম্যাচ জিতি তাহলে অনেক কিছুই সম্ভব।’ এএফপি, রয়টার্স।
এক নজরে ফল
চেলসি ৩ : ০ শালকে
বাসেল ১ : ১ স্টুয়া বুখারেস্ট
ডর্টমুন্ড ০ : ১ আর্সেনাল
নাপোলি ৩ : ২ মার্শেই
জেনিত ১ : ১ পোর্তো
অ্যাটলেটিকো ৪ : ০ অস্ট্রিয়া ভিয়েনা
আয়াক্স ১ : ০ সেল্টিক
বার্সেলোনা ৩ : ১ এসি মিলান