মিলান-বার্সা ম্যাচ ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব—এসি মিলান ও বার্সেলোনা। এখন ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলাতেই নির্ধারিত হবে কে পাবে সেমিফাইনালের টিকিট। দুর্দান্ত ফর্মে থাকলেও গতকাল প্রায় নিষ্প্রভই ছিলেন লিওনেল মেসি। এসি মিলানের তারকা স্ট্রাইকার জ্ল্বাতান ইব্রাহিমোভিচও নিজেদের মাঠে সেভাবে জ্বলে উঠতে পারেননি।প্রথমার্ধের ১৭ মিনিটে গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তাঁর সে প্রচেষ্টা বাতিল হয়ে যায় রেফারির অফসাইডের বাঁশিতে। পেনাল্টি বক্সের মধ্যে আলেক্সিস সানচেজকে ফাউল করার পর পেনাল্টির জোরালো আবেদন জানিয়েছিল কাতালানরা। কিন্তু সেটাও শেষ অবধি ধোপে টেকেনি। এসি মিলানের পক্ষেও গোল করার কিছু মোক্ষম সুযোগ পেয়েছিলেন রবিনহো ও ইব্রাহিমোভিচ। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি তাঁরা।তবে ম্যাচ শেষে ফলাফল নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন এসি মিলানের কোচ মাসিমিলানো আলেগ্রি। তিনি বলেছেন, ‘আমরা আক্রমণ ও রক্ষণ-ভাগে যেভাবে খেলার কথা ছিল, সেভাবেই খেলেছি। বার্সেলোনার বিপক্ষে এটা ভালো ফলাফল।’আগামী মঙ্গলবার ন্যু ক্যাম্পে সেমিফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে বার্সা ও এসি মিলান।—রয়টার্স