মিলান-বার্সা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই আট মাস আগের কথা। উড়তে থাকা বার্সাকে সান সিরোতে মাটিয়ে নামিয়ে এনেছিল মিলান। ২-০ গোলের সেই জয় মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে দেখাচ্ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। কিন্তু কে জানত, মিলানের ওই জয়টা আহত বার্সার অহমে এমন ঘা দেবে? পরের লেগে ন্যু ক্যাম্প দেখল দুর্দান্ত এক বার্সাকে। মিলানকে ছিঁড়েখুঁড়ে তারা ফিরিয়ে দিয়েছিল চার-চারটি গোল।

আজ আবার বার্সেলোনা ফিরছে সান সিরোতে। উপলক্ষ সেই চ্যাম্পিয়নস লিগ। এবার দুই দলের সাক্ষাত্ গ্রুপ পর্বে। গ্রুপে আগের দুই ম্যাচেই জিতেছে বার্সা। মিলানের এক জয়, এক ড্র। ইউরোপিয়ান মঞ্চে বার্সা-মিলানের দেখা হওয়াটা যেন অলিখিত রেওয়াজই এখন। গত দুই মৌসুমে এই দুই দল মুখোমুখি হয়েছে ছয়বার। মিলানের একমাত্র সুখস্মৃতিটা এসেছিল গত মৌসুমেই নিজেদের মাঠে। বার্সার জয় তিনটি ম্যাচে। বাকি দুটি ড্র।

তবে আজ দুই দলের কেউই ঠিক স্বস্তিতে নেই। এ সপ্তাহেই ওসাসুনার সঙ্গে স্প্যানিশ লিগে মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। যদিও বার্সাই এখন পর্যন্ত লা লিগার শীর্ষে। সিরি আ’তে মিলানের অবস্থা বেশ খারাপ। গত শনিবার উদিনেসের সঙ্গে তারা জিতেছে বটে, কিন্তু ৮ ম্যাচ শেষে মাত্র ১১ পয়েন্ট নিয়ে মিলান এখন লিগ টেবিলের অষ্টম স্থানে!

তার ওপর চোটের কারণে আজ নাও খেলতে পারেন মিলানের বড় ভরসা মারিও বালোতেল্লি। মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি তাই নিজে খুব একটা বেশি আত্মবিশ্বাসী নন, ‘কঠিন এই ম্যাচে ফল পেতে হলে আমাদের নিখুঁত খেলতে হবে।’

আজকের ম্যাচে চোখ রাখতে হবে রেফারি ফেলিক্স ব্রিখের ওপরও। মেসি, কাকারা থাকতে ম্যাচে কিনা রেফারির ওপর চোখ! অবাক হয়েছেন নিশ্চয়ই? লেভারকুসেন-হফেনহেইমের ম্যাচে ভুতুড়ে গোলটা যে হয়েছিল ব্রিখের ‘বদান্যেই’!

আজ চ্যাম্পিয়নস লিগের বাকি সাতটি ম্যাচের মধ্যে আর্সেনাল-বরুসিয়া ডর্টমুন্ড লড়াইটা বেশ আকর্ষণীয়ই হওয়ার কথা। ইপিএলে সবার শীর্ষে আর্সেনাল, ওজিল-রামসেরা চোখ জুড়ানো ফুটবলে মনে করিয়ে দিচ্ছেন অঁরি-পিরেসদের সেই আর্সেনালকে। বুন্দেসলিগায় ডর্টমুন্ড শীর্ষে নেই বটে, তবে বায়ার্নের সঙ্গে লড়ছে সমানতালেই। আর রিউস, লেভানডফস্কিরা কী করতে পারেন, সেটি তো গতবারই দেখা গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।

সে কথা ভোলেননি আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল কোচ তাই সতর্ক, ‘ডর্টমুন্ড অনেক উন্নতি করেছে। তারা এখন অন্য রকম একটা দল হয়ে উঠেছে। ২০১১ সালে আমরা ওদের চমকে দিয়েছিলাম। কিন্তু এবার ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে আমরাও আগের চেয়ে বেশি শক্তিশালী। ম্যাচটা জমজমাটই হবে।’ দুই বছর আগে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। আজ জিতলে ‘মৃত্যুকূপ’ থেকে ওঠার লড়াইয়ে অবশ্য অনেক দূরই এগিয়ে যাবেন ওজিলরা। হারলে ফিকে হয়ে যাবে ডর্টমুন্ডের আশা। এএফপি।