মিলান-বার্সার বিনোদন উপহার
কোনো চাপ নয়; চিত্রকরকে যদি বলা হয়, আঁকুন আপনার মনের আনন্দে। তুলির প্রতিটি আঁচড়ের সঙ্গে মিশে থাকুক আপনার কল্পনা। সেই ছবিটাই হয়ে উঠবে দুর্দান্ত একটা ছবি। পরশু রেনেসাঁর তীর্থভূমি ইতালির সান সিরোতে ফুটবল এমনই একটা সুন্দর ছবি হয়ে উঠল। এক শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির মতো তুলির নরম পরশ বোলায় তো অন্যজন আঁকেন ভ্যান গঘের মতো। এক অর্থে পরশু রাতের সবচেয়ে অগুরুত্বপূর্ণ ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল বিনোদনের পসরা সাজিয়ে বসায়। তাতে শেষ পর্যন্ত হয়তো বার্সেলোনা মিলানকে হারাল ৩-২ গোলে। কিন্তু আসলে জিতল ফুটবল!আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল বলে এই ম্যাচে কোনো দলের ওপরই চাপ ছিল না। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপার তো ছিলই। বার্সেলোনা তার মতো করেই শুরু থেকে খেলেছে আক্রমণাত্মক। ছেড়ে কথা বলেনি মিলানও। এগিয়ে যাওয়া, সমতা ফেরানো—এভাবেই এগিয়েছে ম্যাচ। আর তাতেই এই রোমাঞ্চ। ১৪ মিনিটে ফন বোমেলের আত্মঘাতী গোল, প্রথম দেখায় যে গোলটি মনে হয়েছিল জাভির। ২০ মিনিটে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে সমতা ফেরান ইব্রাহিমোভিচ। ৩১ মিনিটে মেসির পেনাল্টি গোল থেকে আবার বার্সার এগিয়ে যাওয়া। ৫৪ মিনিটে স্কিলের দুর্দান্ত এক প্রদর্শনী দেখিয়ে কেভিন প্রিন্স বোয়েটাংয়ের আবারও সমতা ফেরানো। এরপর ৬৩ মিনিটে জাভির গোলে বার্সার গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়া।এ ছাড়া পরশু রাতের সবচেয়ে বড় খবর বায়ার লেভারকুসেনের কাছে চেলসির পরাজয়। গত পাঁচবারের তিনবারই কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া ইংলিশ ক্লাবটির সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। ভ্যালেন্সিয়া-চেলসি শেষ গ্রুপ ম্যাচটি এখন অলিখিত ফাইনাল। পরশু রাতে গেঙ্ককে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে এরই মধ্যে গোল ব্যবধানেও এগিয়ে গেছে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া ও চেলসি—দুই দলেরই পয়েন্ট ৮। চেলসির বিপক্ষে জয়ে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে গেছে বায়ার লেভারকুসেন। তাদেরই সঙ্গী নির্বাচন করবে শেষ ম্যাচ।দুর্ভাগ্য চেলসির! গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে দিদিয়ের দ্রগবার গোলে এগিয়ে গিয়েছিল তারাই। ৭৩ মিনিটে গোল শোধ করে দেয় লেভারকুসেন। আর খেলার শেষ মুহূর্তে ম্যানুয়েল ফ্রেডরিখের গোলে জিতে যায় স্বাগতিকেরা। এ নিয়ে তিনটি অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও শেষ মুহূর্তের গোলে জিততে পারল না চেলসি।জার্মানি বনাম ইংল্যান্ড লড়াইটার ফল হলো অদ্ভুত। চেলসি এখানে ২-১ গোলে হেরেছে, ওদিকে আর্সেনাল অন্য জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে একই ব্যবধানে! একের পর এক তারকা হারিয়ে রবিন ফন পার্সিতেই আশ্রয় খুঁজেছেন আর্সেন ওয়েঙ্গার। সেই ফন পার্সি এই ম্যাচেও করেছেন জোড়া গোল। এই মৌসুমে ১৮ ম্যাচে ১৭ গোল করেছেন এই ডাচ।এই জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল আর্সেনালও। আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, বেনফিকা, বায়ার লেভারকুসেনের পাশাপাশি ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে উঠল অ্যাপোয়েল নিকোসিয়াও। ছিটকে যেতে যেতে ৭৯ ও ৯০ মিনিটে পাওয়া দুই গোলে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল পোর্তো। এএফপি, রয়টার্স।