মিলান যাওয়া হলো না তেভেজের
তেভেজ-জট কিছুতেই খুলছে না। এবার ভেস্তে গেল মিলানে যাওয়ার পরিকল্পনাও। অনিশ্চিত হয়ে গেল আর্জেন্টাইন স্ট্রাইকারের ভবিষ্যৎ। অনেক দিন ধরেই এই বিদ্রোহী ফুটবলারের ম্যানচেস্টার সিটি ছেড়ে এসি মিলানে যাওয়া না-যাওয়া নিয়ে চলছিল আলোচনা। গত পরশু একদমই নিশ্চিত খবর পাওয়া গেল, সান সিরোই হতে যাচ্ছে তেভেজের নতুন ঠিকানা। খবর বেরিয়েছিল, মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি লন্ডনে এসেছেন সবকিছু চূড়ান্ত করতেই।কিন্তু দিনশেষে হঠাৎ করেই এল তেভেজের জন্য হতাশ করা সেই খবর, হচ্ছে না চুক্তি। টাকায় বনিবনা হয়নি, নাকি অন্য কোনো কারণ—সেটি এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, তেভেজকে মিলান নিয়ে আসতে চাইছিল পাতো প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে যেতে চেয়েছিলেন বলে। পাতো প্যারিসে চলে গেলে শূন্যস্থান পূরণেই আসবেন তেভেজ—এটাই ছিল পরিকল্পনা। কিন্তু পাতো শেষ পর্যন্ত পুরোনো ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডন থেকে ফিরে গাজেত্তা দেল্লো স্পোর্তকে গালিয়ানিও বলেছেন, ‘পুরো প্রক্রিয়াই পরস্পর-সম্পর্কিত ছিল। একজন যাবে আর একজন আসবে, ব্যাপারটা ছিল এ রকমই।’কিন্তু ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান দিচ্ছে অন্যরকম খবর। এসি মিলান চাচ্ছিল তেভেজকে আপাতত ধারে নিতে। সে রকম প্রস্তুতি নিয়েই লন্ডন এসেছিলেন গালিয়ানি। কিন্তু সিটির আরব মালিক অনড় ছিলেন আগের অবস্থানেই। তেভেজকে নিলে নিতে হবে একেবারে কিনেই।মিলান পিছিয়ে যাওয়াতে ইন্টার এখন আবার উৎসাহী হয় কি না, সেটাই এখন দেখার। ওয়েবসাইট।