মিলান যেন ভাঙা হাট
একে একে অবসরে গেছেন আলেসান্দ্রো নেস্তা, ফিলিপ্পো ইনজাঘি, জেনারো গাত্তুসো। বহমান সময় এসি মিলানে তৈরি করেছে এই ‘চ্যাম্পিয়ন’ ফুটবলারদের শূন্যতা। কিন্তু আর্থিক সমস্যার কারণে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জ্লাতান ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভার মতো দুই খেলোয়াড়কে পিএসজির কাছে বিক্রি করে দেওয়া সান সিরোর দর্শক নন্দিত ক্লাবটিকে পরিণত করেছে ‘ভাঙা হাটে।’ এখন এই ভাঙা হাট জোড়া দেওয়ার দায়িত্ব যার, সেই কোচ মাসিমিলিয়ানো আলগেরি জানাচ্ছেন, কাজটা খুবই কঠিন।এসি মিলান কোচের মতে, ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভা-এই দুই ফুটবলার ছিরেন গত মৌসুমে দলের দুই মূল্যবান সম্পদ। আর্থিক কারণে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে এই দুই সম্পদকে বিক্রি করে দিয়ে কর্তৃপক্ষ ক্লাবকে শিশু পর্যায়ে নিয়ে গেছে। তিনি বলেন, শূন্য থেকে শুরু করাটা সবসময়ই কঠিন। আলগেরি বলেন, গত মৌসুমের শেষে এসি মিলান ১২ জন তারকা ফুটবলারকে হারিয়েছে। যদিও বয়সজনিত কারণে অনেকেই অবসরে গেছেন, কিন্তু ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভাকে বিক্রি করে দেওয়ার মধ্য দিয়ে ক্লাবকে একেবারে শিশু পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে দলকে পুনরায় তৈরি করাটা খুব কঠিন। ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভাকে বিক্রি করে দিয়ে অবশ্য এসি মিলান কম টাকা পায়নি। এই টাকা দিয়ে নতুন খেলোয়াড় কিনে অবশ্য পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু করা যায়, কিন্তু আলগেরি তাতে সন্তুষ্ট হতে পারছেন না। তিনি বলেন হাতে টাকা থাকলেই যে একটি দলের পুনর্গঠন সহজে করা যাবে-ব্যাপারটি ঠিক তা নয়। তিনি বলেন, ওই বারো জন খেলোয়াড় ছাড়াও এই মুহূর্তে দলে যেসব খেলোয়াড় আছে, তাদের দিয়ে পুনর্গঠনটা শুরু করা যায়, কিন্তু ওটা শূন্য থেকে শুরু করাই। তারপরেও আশায় বুক বাঁধতে চান আলগেরি। নতুন মৌসুম শুরু হওয়ার আগে হাতে যে সময় আছে, তারমধ্যেই ভালো কিছু খেলোয়াড় দলভুক্ত করে ক্লাবের এই ভগ্ন অবস্থা মেরামত করার একটা প্রক্রিয়া শুরু হবে বলেই তাঁর প্রত্যাশা।‘হাতে এখনো কিছু সময় আছে। আশা করছি এই সময়ের মধ্যে অন্তত যদি রবিনহোকে ফিরিয়ে আনা যায়, তাহলেও দলটা একটা চেহারা পায়। ব্রাজিলীয় তারকা রবিনহোকে খুব করেই দলে চাচ্ছেন আলগেরি।মাসিমিলিয়ানো আলগেরি এসি মিলানের কোচ হয়ে প্রথম বছরই ক্লাবকে উপহার দেন লিগ শিরোপা। গত মৌসুমে অবশ্য এসি মিলানের কাছ থেকে দীর্ঘদিন পর সিরি ‘আ’র শিরোপা কেড়ে নেয় জুভেন্টাস। ওয়েবসাইট।