মিলান-রিয়ালের বিষাদের রাত
এক মাঠে রচিত হলো নতুন ইতিহাস, আরেক মাঠে ইতিহাস থাকল অক্ষত। চ্যাম্পিয়নস লিগে পরশু সান সিরোতে ৩-২ গোলের জয়ে এসি মিলানের মাঠে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের ইতিহাস গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। আর লিওঁর মাঠে রিয়াল মাদ্রিদের জিততে না পারার রেকর্ডটি অক্ষত থাকল নয়বারের চ্যাম্পিয়নদের ০-১ গোলে হেরে যাওয়ায়।ম্যানইউর নতুন ইতিহাস রচনার নায়ক ওয়েইন রুনি। ৩ গোলের দুটিই করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। রোনালদিনহো মিলানকে এগিয়ে দেওয়ার পর ম্যানইউকে সমতায় ফিরিয়েছিলেন পল স্কোলস। এর পরই রুনির দুই গোল। খেলা শেষের মিনিট পাঁচেক আগে মিলানের ব্যবধান কমানো গোলটি এসেছে বদলি খেলোয়াড় ক্লারেন্স সিডর্ফের পা থেকে। ওদিকে নিজেদের মাঠে রিয়ালকে আবারও পরাজয়ের বৃত্তে রাখতে একমাত্র গোলটি করেছেন লিওঁর ক্যামেরুনিয়ান মিডফিল্ডার জ্যঁ দ্বিতীয় ম্যাকওঁ। এএফপি। সান সিরোতে মিলান-ম্যানইউ ম্যাচের শুরুটা ইঙ্গিত দিচ্ছিল ইতিহাসের পুনরাবৃত্তিরই। এসি মিলান শুরুটা করেছিল খুব গতি নিয়ে। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলও পেয়ে যায় তারা। ফ্রি-কিক নিয়েছিলেন ম্যানইউর সাবেক তারকা ডেভিড বেকহাম। এভরার গায়ে লেগে সেই কিক চলে যায় পেনাল্টি বক্সের বাঁ দিকে দাঁড়িয়ে থাকা রোনালদিনহোর পায়ে। রোনালদিনহোর ভলি ড্যারেন ফ্লেচারের গায়ে লেগে গতি পরিবর্তন করে ঢুকে যায় জালে। শটের গতি পরিবর্তন ৩৬ মিনিটেও হয়েছে আরেকবার। এবার অবশ্য মিলানের পক্ষে নয়, পল স্কোলসের শট গতি পরিবর্তন করে ঢুকেছে মিলানের জালে। ম্যাচ বাঁক নেয় ওখানেই। এর পর ৬৬ ও ৭৪ মিনিটে দুটি গোল করে মিলানের ইতিহাসের পুনরাবৃত্তি করার আশা নিভিয়ে দেন রুনি। মিলানের ব্রাজিলিয়ান কোচ লিওনার্দো স্কোলসের ওই ভাগ্যের গোলকেই দেখিয়েছেন ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে, ‘পরাজয় প্রাপ্য ছিল না আমাদের। স্কোলসের ওই গোলটিই সব এলোমেলো করে দিয়েছে।’তবে ম্যানইউ কোচ ফার্গুসন ম্যাচটিকে দেখছেন অন্য আয়নায়, ‘প্রথম কুড়ি মিনিট তারা ভালো খেলেছে। আমি তো মনে করেছিলাম, সান সিরোতে বুঝি আবারও হারতে চলেছি! কিন্তু দ্বিতীয়ার্ধে রুনি তার আসল রূপে ফিরল। মিলান ওকে সামলাতে পারেনি।’চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা পেতে হলে ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে ন্যূনতম ২-০ গোলে জিততে হবে মিলানকে। সম্ভব? লিওনার্দোর উত্তর, ‘ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলের জয় অসম্ভব নয়।’অন্যদিকে রিয়াল মাদ্রিদে চলছে নিজেদের মাঠে লিওঁকে হারানোর আয়োজন। ক্রিস্টিয়ানো রোনালদোর দৃঢ়বিশ্বাস, ০-১ গোলের পরাজয় এড়িয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে তাঁর দল, ‘ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা সেখানে হারলেও নিজেদের মাঠে খেলা বাকি আছে। তারা তাদের মাঠে যেটা করেছে, আমরাও আমাদের মাঠে সেটাই করব।’ম্যাচের আগে ইতিহাস নতুন করে লেখানোর প্রত্যয়ের কথাই বলেছিলেন রোনালদো-বেনজেমারা। গোলশূন্য প্রথমার্ধের খেলা শেষেও মনে হচ্ছিল সে রকম কিছু হতে পারে। রোনালদো-কাকারা ভালোই খেলছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটের গোলটি এলোমেলো করে দিল সব। লিওঁর জমাট রক্ষণ আর রোনালদো-কাকাদের গোল মিস—সব মিলে আর ম্যাচেই ফেরা হয়নি রিয়ালের।